বরিশালে ইনুর বিরুদ্ধে মামলা
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি এবং ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে বরিশাল মুখ্য মহানগর হাকিম আদালতে মানহানির মামলা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশাল শাখার সাংগঠনিক সম্পাদক শহীদ হোসেন বাদী হয়ে এই মামলা করেন।মামলায় ইনুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানালে আদালত বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন এবং ২৪ মে মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।আরজিতে উল্লেখ করা হয়, ৩ এপ্রিল রংপুরের কাচারিবাজারে অনুষ্ঠিত এক জনসভায় হাসানুল হক ইনু প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশের ৪ নম্বর মীরজাফর বলেন, যা বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। ওই ঘটনায় জিয়াউর রহমান ও তাঁর পরিবারের মানসম্মান ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি দেশের কোটি কোটি মানুষের হূদয়ে আঘাত লেগেছে। ইনুর এ বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অপূরণীয় ক্ষতি হয়েছে।