বরিশালে ইসলামী ছাত্রী সংস্থার ২২ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের মুলাদী উপজেলায় ইসলামী ছাত্রী সংস্থার ২২ কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা একটায় উপজেলার গাছুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার আতাহার উদ্দিনের হোসনাবাদ গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে ওই নারী কর্মীদের আটক করা হয়। আটক নারীদের দাবি, তাঁরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন।মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম প্রথম আলোকে জানান, নৈরাজ্যমূলক কর্মসূচি গ্রহণ করতে জামায়াতের ছাত্রী সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার কর্মীদের নিয়ে ইউনিয়ন জামায়াতের নেতা আতাহারের বাড়িতে গোপন বৈঠক করা হচ্ছিল। খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালালে আতাহার পরিবার নিয়ে পালিয়ে যান। সেখান থেকে ইসলামী ছাত্রী সংস্থার ২২ কর্মীকে আটক করা হয়। তাঁদের বয়স ১৮ থেকে ৩০ বছর। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।বরিশালের পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহ বলেন, ঝালকাঠি ও বরগুনার পর বরিশালের মুলাদী এলাকায় জঙ্গি তৎপরতা বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। আটক নারীদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রামাণ্যচিত্র ও ৩৬টি মওদুদি বই উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পুলিশ সুপার জানান, আটক নারীরা বলছেন, তাঁরা ঈদ পুনর্মিলনী করতে একত্র হয়েছিলেন। কিন্তু পুনর্মিলনীতে জঙ্গি বা মওদুদির বই থাকবে কেন? এটা নিঃসন্দেহে নাশকতার জন্য কোনো বৈঠক ছিল।