বরিশালে উচ্ছেদ অভিযানে বাধা, হামলায় পুলিশসহ আহত ১২
বরিশাল নগরের টেক্সটাইল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে এলাকাবাসীর প্রতিরোধের মুখে পড়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এলাকাবাসীর হামলায় পুলিশের আট সদস্যসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। হামলার মুখে অভিযান শেষ না করেই চলে আসে কর্তৃপক্ষ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের টেক্সটাইল এলাকায় সিটি করপোরেশনের জায়গায় তৈরি করা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে এ হামলার ঘটনা ঘটে। অভিযানে নেতৃত্ব দেন বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ আহমেদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ আহমেদ সাংবাদিকদের বলেন, টেক্সটাইল মোড় এলাকায় সড়কের দুপাশে সিটি করপোরেশনের জমি দখল করে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। পুলিশের উপস্থিতিতে বেলা দুইটার দিকে তাঁরা এসব স্থাপনা উচ্ছেদ করতে যান। বেলা সোয়া দুইটার দিকে এলাকাবাসী আকস্মিক তাঁদের ওপর বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য ও সিটি করপোরেশনের কর্মীরা আহত হন। অভিযানে বাধা সৃষ্টি করতে সড়কের ওপর বড় বড় গাছের গুঁড়ি ও ইট বিছিয়ে দেয় এলাকাবাসী। পরে সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।
সিটি করপোরেশনের সড়ক পরিদর্শক মো. রেজাউল কবির বলেন, এলাকাবাসী ইট-পাটকেল নিক্ষেপ ছাড়াও লাঠিসোঁটা ও দা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। হামলায় তিনিসহ সড়ক পরিদর্শক সাজ্জাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও ইমরান হোসেন এবং সিটি করপোরেশনের নিরাপত্তাকর্মী নিকর চন্দ্র দাস আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে তারা ফাঁকা গুলি ছোড়ে।
হামলার ঘটনা নিশ্চিত করে বরিশাল কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৩৩টি রাবার বুলেট ছোড়ে। হামলায় পুলিশের ৮ সদস্য আহত হয়েছেন।