বরিশালে উপজেলা চেয়ারম্যানসহ ১১ জন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে পুলিশের দায়ের করা পৃথক দুটি মামলায় মহানগর জামায়াতের আমির, বিএনপির নেতা বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ ১১ জনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মহানগর জামায়াতের আমির মুয়াযযম হোসাইন, বাবুগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান আহম্মেদ খান, তাঁর ছোট ভাই মাদবপাশা ইউপি চেয়ারম্যান ওয়াহিদুল ইসলাম খান বরিশাল মহানগর হাকিম আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন। বিচারক রফিকুল ইসলাম আবেদন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গত বছরের ৫ ডিসেম্বর পোর্ট রোডে পুলিশের সঙ্গে ১৮ দলের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় মোয়াযযম হোসেনকেও আসামি করা হয়।
এদিকে গত ৭ জানুয়ারি বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা এলাকার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা সেতুসংলগ্ন রাস্তা কেটে জনগণ ও যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করা হয়।
ওই অভিযোগে দায়ের করা মামলায় সুলতান আহম্মেদ খান, তাঁর ভাই ওয়াহিদুল ইসলাম খানসহ ১০ জনকে আসামি করা হয়।
মামলার আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।