বরিশালে এক নেত্রীর বিরুদ্ধে পুকুর দখলের চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল জেলা যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শারমিন মৌসুমীর নেতৃত্বে বরিশাল নগরের একটি পুকুর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে শারমিন মৌসুমী লোকজন নিয়ে নগরের উত্তর মল্লিক সড়কের একটি বাড়ির (কবিরবাগ) পুকুর বালু ফেলে ভরাট করতে থাকলে তাঁদের সঙ্গে ওই বাড়ির বাসিন্দাদের উত্তেজনার সৃষ্টি হয়। শুক্রবার দুপুরে শারমিন মৌসুমীর নেতৃত্বে শতাধিক লোক বাঁশ ও টিন দিয়ে পুকুরের চারদিকে বেড়া দেওয়া শুরু করে। কবিরবাগের মালিক দাবিদার জাহাঙ্গীর কবিরের অভিযোগ পেয়ে বেলা তিনটার দিকে পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দেয়। জাহাঙ্গীর কবির বলেন, ‘এই বাড়ির ৬৪ শতাংশ জমি আমাদের। এখানে আমরা ৫০-৬০ বছর ধরে বসবাস করছি। এর মধ্যে পুকুরের ১২ শতাংশ জায়গা নিয়ে প্রতিবেশী ইমরান আহম্মেদের সঙ্গে আমাদের মামলা রয়েছে। কিন্তু গত বৃহস্পতি ও শুক্রবার শারমিন মৌসুমীর নেতৃত্বে ইমরান আহম্মেদ ও তার লোকজন আমাদের পুরো সম্পত্তি দখলের চেষ্টা চালায়। তারা আদালতের স্থগিতাদেশ অমান্য করে পুকুরের চারদিকে বেড়া দেয়।’ তবে ইমরান আহম্মেদ দাবি করেন, ‘পুকুরসহ পুরো সম্পত্তি নিয়ে মামলায় আমরা রায় পেয়ে পুকুর ভরাটের উদ্যোগ নিলে তাতে বাধা দেয় কবিরবাগের লোকজন।’ এ ব্যাপারে জানতে চাইলে শারমিন মৌসুমী বলেন, ‘ইমরান আহম্মেদ আমার নিকটাত্মীয়। তাঁরা আদালতের রায় পাওয়ায় তাঁদের জমির দখল বুঝিয়ে দিতে সেখানে গিয়েছিলাম। আমার নেতৃত্বে লোকজন সেখানে গিয়ে পুকুর দখলের চেষ্টার অভিযোগ ঠিক নয়।’ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মতিয়ার রহমান বলেন, ‘সেখানে একপক্ষ পুকুর ভরাট করার জন্য যায়। পরিস্থিতি ভয়াবহ হতে পারে, এমন আশঙ্কায় আমরা সেখানে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছি।’