বরিশালে এক মামলায় প্রথম আলোর সম্পাদকের জামিন
বরিশালে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান জামিন পেয়েছেন। একই সঙ্গে তাঁকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রথম আলোর সম্পাদক আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বরিশালের মুখ্য মহানগর হাকিম আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে বিচারক মুহাম্মদ আলী হোসাইন এ আদেশ দেন।
মামলার বাদীপক্ষের আইনজীবীর আপত্তির পরিপ্রেক্ষিতে আগাম জামিনের আবেদন গ্রহণ করেননি আদালত।
প্রথম আলোর সম্পাদকের পক্ষে মামলা পরিচালনায় উপস্থিত ছিলেন জেলার জ্যেষ্ঠ আইনজীবী মো. মোকলেসুর রহমান, মানবেন্দ্র বটব্যাল, এস এম ইকবাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিস উদ্দিন আহম্মেদ, এ কে আজাদ, হিরণ কুমার দাস, সুভাশীষ ঘোষ প্রমুখ।
২০১৪ সালে বরিশাল মহানগর ওলামা লীগের সাধারণ সম্পাদক মাওলানা বশিরউল্লাহ আতাহারী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে বরিশালের মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন।