বরিশালে একই স্থানে সমাবেশ ডাকায় উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে একই স্থানে জামায়াতে ইসলামী ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সংগঠনগুলোর সমাবেশ আহ্বানকে ঘিরে উভয় পক্ষের নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। আগামীকাল শুক্রবার নগরের মহিলা ক্লাব মাঠে জামায়াত সমাবেশ ডাকার পর একই দিন ওই মাঠের পাশে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যৌথভাবে সমাবেশ আহ্বান করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কমান্ডার্স ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি ও বরিশাল সাংস্কৃতিক সমন্বয় পরিষদ। এ নিয়ে নগরে উত্তেজনা বিরাজ করছে।সূত্রমতে, আগামীকাল শুক্রবার বঙ্গবন্ধু উদ্যানসংলগ্ন ক্লাব মাঠে শুরা সমাবেশ করার জন্য ৪ এপ্রিল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে জামায়াতের নেতারা অনুমতি চান। আবেদনপত্রে ওই সমাবেশে সংগঠনের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজাহারুল ইসলাম উপস্থিত থাকবেন বলে উল্লেখ করা হয়।অন্যদিকে সারা দেশে ‘যুদ্ধাপরাধীদের’ বিচারের দাবির অংশ হিসেবে বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কমান্ডার্স ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি ও বরিশালের ২৭টি সংগঠনের জোট সাংস্কৃতিক সমন্বয় পরিষদ যৌথভাবে বঙ্গবন্ধু উদ্যানে একই দিন সমাবেশ আহ্বান করে। তারাও মেট্রোপলিটন পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদনপত্র দিয়েছে বলে জানা গেছে। বরিশাল মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব মহিউদ্দিন মানিক (বীর প্রতীক) প্রথম আলোকে বলেন, ‘আমরা মুক্তিযোদ্ধা সংসদসহ চারটি সংগঠন দীর্ঘদিন ধরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সভা-সমাবেশ ও জনমত গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি। এর অংশ হিসেবে ৯ এপ্রিল বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশ আহ্বান করেছি। আমাদের পক্ষ থেকে মেট্রোপলিটন পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদনপত্রও দেওয়া হয়েছে।’ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মুক্তিযোদ্ধা বলেন, ‘যুদ্ধাপরাধী মুজাহিদ ও আজাহারুল ইসলাম এখনো সভা-সমাবেশ করে বেড়াবে, এটা হতে দেওয়া যায় না। তাদের ঠেকাতেই চার সংগঠন ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি ঘোষণা করেছে।’ ঘাতক-দালাল নির্মূল কমিটির বরিশাল জেলা আহ্বায়ক মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা যৌথভাবে সমাবেশ আহ্বান করেছি। সেখানে অন্য কেউ সমাবেশ ডেকেছে কি না, তা আমাদের জানার বিষয় নয়।’বরিশালের ২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি সৈয়দ দুলাল প্রথম আলোকে বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সমন্বয় পরিষদ ঐক্যবদ্ধ কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত হয়েছে।এ ব্যাপারে বরিশাল জামায়াতের সেক্রেটারি আমিনুল ইসলাম খসরু বলেন, শুরা সদস্যদের সমাবেশ করার জন্য অনুমতি চাওয়া হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুর রহিম প্রথম আলোকে বলেন, সমাবেশের জন্য জামায়াতের পক্ষ থেকে আবেদন করা হলেও তারা ঠিক কোথায় সমাবেশ করবে, সে বিষয়ে আবেদনপত্রে কিছুই উল্লেখ করা হয়নি। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা থাকলে অনুমতি দেওয়া হবে না।