বরিশালে একুশের অনুষ্ঠানে ভিড়
গতকাল শনিবার ছুটির দিন। দুপুরের পর থেকেই বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ভিড়। বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে সেখানে চলছে পাঁচ দিনের অনুষ্ঠানমালা। তাতে নতুন মাত্রা যোগ করেছে প্রথমা প্রকাশনের বই নিয়ে বন্ধুসভার বইমেলা।
বই কেনাকাটা আর অনুষ্ঠানে শহীদ মিনার প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর। বিকেল থেকে রাত পর্যন্ত সেখানে চলে নানা অনুষ্ঠান।
বন্ধুসভার বইমেলায় সহযোগিতা দিচ্ছে ২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ।
গতকাল বিকেলে আয়োজন করা হয় বর্ণলিখন প্রতিযোগিতার। এতে অংশ নেওয়া শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষণীয়। কেউ কেউ বই দেখেছেন, কিন্তু কেনেননি। কেউবা বাছাই করে গেছেন। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কিনবেন।
এদেরই দুজন বরিশাল জিলা স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আরিয়ান হক ও নাহিয়ান আমিন। তারা বেশ কিছুক্ষণ বই উল্টে-পাল্টে দেখেছে গণিতের জাদু, কিশোর উপন্যাস বাগানবাড়ির রহস্য, কিডন্যাপারের কবলে গুডাডু বুড়াসহ কয়েকটি গোয়েন্দা বই। কয়েকটি বই কিনে বাকিগুলো রেখে দেওয়ার অনুরোধ করে চলে যায় তারা।
বই কিনতে আসা রূপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন এবং জিলা স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন জানালেন, এ ধরনের আয়োজনে তাঁরা খুশি। তাঁরা চান, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বরিশালে প্রতিবছর বইমেলার আয়োজন করা হোক।
বরিশালে প্রথমা প্রকাশনের বই নিয়ে এবারই প্রথম মেলার আয়োজন করা হলো। পাঁচ দিনের এই বইমেলা বসে ১৭ ফেব্রুয়ারি। এ ছাড়া ১৭ ফেব্রুয়ারি কবি জীবনানন্দ দাশের ১১৬তম জন্মদিন উপলক্ষে ব্রজমোহন কলেজে অনুষ্ঠিত হয় দুই দিনের বইমেলা। এতেও প্রথমা প্রকাশনের বই নিয়ে স্টল দেয় বন্ধুসভা।
বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের অনুষ্ঠানে গতকাল সন্ধ্যায় আলোচনা পর্বে বক্তব্য দেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক, সুজন জেলা সভাপতি আক্কাস হোসেন ও মুক্তিযোদ্ধা মোকলেছুর রহমান। এরপর আবৃত্তি পরিবেশন করে খেয়ালি গ্রুপ থিয়েটার, সংগীত পরিবেশন করে অনির্বাণ শিল্পীগোষ্ঠী, গণশিল্পী সংস্থা। নৃত্য পরিবেশন করে প্রান্তিক। মূকাভিনয় করে উত্তরণ এবং নাটক জাগো পরিবেশন করে বরিশাল নাটক।
আজ ২১ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। ২২ ফেব্রুয়ারি থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বইমেলার আয়োজন করবে বন্ধুসভা।