বরিশালে ওসির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে আদালতে মামলা হয়েছে। মামলাটি আমলে নিয়ে বিচারক বরিশাল আঞ্চলিক দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তের নির্দেশ দিয়েছেন।
বাদী ওসির বিরুদ্ধে ১০ লাখ টাকা উৎকোচ নিয়ে দেড় কোটি টাকার জায়গা ভূমিদস্যুদের পাইয়ে দিতে সহযোগিতার অভিযোগ আনেন।
গতকাল সোমবার দুপুরে নগরের সিঅ্যান্ডবি সড়কের ১ নম্বর পোল এলাকার বাসিন্দা আবু সাইদ খলিফার স্ত্রী নিলুফা বেগম বাদী হয়ে আদালতে মামলাটি করেন।
জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক মামলা আমলে নিয়ে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে ওই নির্দেশ দেন।
ওসি ছাড়াও মামলায় কোতোয়ালি মডেল থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মামুন, কথিত ভূমিদস্যু নগরের সিঅ্যান্ডবি সড়কের বাসিন্দা আনোয়ারুল্লাহ, তাঁর স্ত্রী রহিমা বেগম, স্থানীয় বাসিন্দা মুকিব হোসেন ও জামালউদ্দীন ইউসুফকে আসামি করা হয়েছে।
মামলায় সাক্ষী করা হয়েছে মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আতাউর রহমান, এসআই ওহাব, স্থানীয় রেহানা বেগমসহ ১০ জনকে।
মামলার আরজিতে বাদী উল্লেখ করেছেন, তাঁর (বাদীর) বাবার মৃত্যুর পর ওয়ারিশসূত্রে পাওয়া ৭ শতাংশ জমি ভোগদখল করে আসছিলেন। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। এক বছর ধরে পার্শ্ববর্তী আনোয়ারুল্লাহ তাঁদের ওই জমি থেকে সরানোর চেষ্টা করেছেন। এ ব্যাপারে তিনি কোতোয়ালি থানার ওসির মাধ্যমে তাঁদের সরে যেতে প্রস্তাব দেন। কিন্তু সে প্রস্তাবে রাজি হননি বাদী। এ নিয়ে গত বছর ২১ মার্চ আদালতে মামলা দায়ের করা হলে স্থিতাবস্থা জারির নির্দেশ দেন আদালত। কিন্তু স্থিতাবস্থা উপেক্ষা করে আনোয়ারের লোকজন পুলিশের সহায়তায় গত ২২ জানুয়ারি রাতে ওই জমিতে থাকা ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুর চালান।
এরপর ২৫ জানুয়ারি ওসি আওলাদের অফিসকক্ষে ১০ লাখ টাকা রেখে বাদীকে ওই সম্পত্তি ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। বাদী রাজি না হলে ওসি হুংকার দিয়ে ওঠেন। ভূমিদস্যুদের বলেন, ‘১০ লাখ টাকা আমাকে (ওসিকে) দেন, দেখেন আমি কী করতে পারি।’ তাঁর ওই বক্তব্যের অডিও রেকর্ড আছে বলেও মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে।