বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় পুড়ে গেছে
বরিশাল নগরের প্যারারা রোডে অবস্থিত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠিত) কার্যালয় গত বুধবার রাতে পুড়ে গেছে। এ সময় পাশে থাকা বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় কার্যালয় ও গণনাট্য সংস্থার কার্যালয়ও পুড়ে যায়। ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক অধ্যাপক নৃপেন্দ্রনাথ বাড়ৈ জানান, বুধবার রাত নয়টায় কাজ শেষে কার্যালয়ের সব বৈদু্যুতিক সংযোগ বন্ধ করে তিনি চলে যান। রাত সোয়া একটায় সংবাদ পান কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান কার্যালয়ের সমস্ত আসবাবপত্র পুড়ে গেছে। তাদের অভিযোগ, সংঘবদ্ধ দল নাশকতা ঘটানোর জন্যই অগ্নিসংযোগ করেছে। বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, যে কক্ষ থেকে আগুনের সূত্রপাত সেখানে বিদ্যুতের কোনো সংযোগ ছিল না। তাঁদের ধারণা, এটা নাশকতা। এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘আমাদের ধারণা, শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তার পরও বিষয়টি তদন্ত করে দেখা হবে।’সমিতির সভাপতি মো. জলিলুর রহমান বলেন, পুলিশ তদন্ত না করেই কীভাবে ধারণা করল শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। বিষয়টি তিনি তদন্ত করে দেখার দাবি জানান। গণনাট্য সংস্থার সভাপতি মো. আজিজুর রহমান বলেন, যেহেতু একাত্তরের মঞ্চের সঙ্গে তাঁরা একাত্মতা প্রকাশ করে মানবতাবিরোধীদের ফাঁসির দাবি করছেন। সে জন্যই প্রতিক্রিয়াশীলরা পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করেছে। ফায়ার সার্ভিস বরিশালের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ফারুক সিকদার বলেন, একটু দেরি হলে আশপাশের ব্যাপক ক্ষতি হতো। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়নি। বাহির থেকে হয়েছে।