বরিশালে করোনা ওয়ার্ডে আরও এক ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন এক ব্যক্তি (৫৫) শুক্রবার সকালে মারা গেছেন। পেশায় আনসার বাহিনীর সদস্য ওই ব্যক্তির বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলায়।

এ নিয়ে ২২ ঘণ্টার ব্যবধানে এই হাসপাতালের করোনা ওয়ার্ডে তিনজন মারা গেলেন। হাসপাতালের পরিচালক মো. বাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, রাজাপুর উপজেলার একটি গ্রামের বাসিন্দা ওই আনসার সদস্য বৃহস্পতিবার দুপুরে অসুস্থ হয়ে হাসপতালের মেডিসিন ওয়ার্ডে এ ভর্তি হন। এরপর তাঁর শ্বাসকষ্ট ও জ্বর থাকায় তাঁকে রাতে করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান। সকালে তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে এক ঘণ্টার ব্যবধানে হাসপাতালের করোনা ওয়ার্ডে দুই রোগী মারা যান। দুপুর সোয়া একটায় পটুয়াখালীর বাউফল উপজেলার ৬০ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। তিনি করোনা 'পজিটিভ' ছিলেন। পটুয়াখালী সদর উপজেলার একটি গ্রামের বাসিনদা ২৬ বছর বয়সী এক নারী বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটায় মারা যান।

 এর আগে বুধবার সন্ধ্যা সাতটায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আরেক রোগীর মৃত্যু হয়। ২৫ বছর বয়সী এই নারীর তাঁর জ্বর ও শ্বাসকষ্ট ছিল। তাঁর বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়। মঙ্গলবার দুই ঘণ্টার ব্যবধানে এই হাসপাতালে দুই নারীর মৃত্যু হয়। এঁদের একজন করোনা ওয়ার্ডে, অন্যজন হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি ছিলেন।

 এদিকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, বিভাগের ৬ জেলায় শুক্রবার দুপুর পর্যন্ত ১১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ভারতীয় দুই নাগরিকসহ বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ছয়জন মারা গেছেন। তাঁদের মধ্যে পটুয়াখালীর তিনজন, বরগুনার দুজন এবং বরিশালের একজন।

 গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলায় ১৬৬ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এবং ১৬১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ ছাড়া বিভাগের শুধু পিরোজপুর ও বরগুনা জেলায় ২৪ ঘণ্টায় ১৮ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। বরগুনায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে ১৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এর বাইরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ২২০ জন রোগী আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস শুক্রবার দুপুরে বলেন, বিভাগে এ পর্যন্ত বরিশাল জেলায় ১২, পটুয়াখালীতে একজন, পিরোজপুরে একজন ও বরগুনায় পাঁচজন রোগী সুস্থ হয়েছেন। তাঁদের ছাড়পত্র দেওয়া হয়েছে।