বরিশালে করোনা শনাক্ত ও মৃত্যু আরও বেড়েছে
করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় এক দিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। আজ রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এই বিভাগে করোনা শনাক্ত হয়েছে ১৫০ জনের। এর আগের ২৪ ঘণ্টায় তা ছিল ৭৪ জন। অন্যদিকে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন। আর আগে মারা যাওয়া একজনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে।
উপসর্গ নিয়ে ৭ জনই মারা যান বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসোলেশনে। এর আগের ২৪ ঘণ্টায় এই হাসপাতালে উপসর্গ নিয়ে মারা যান ৩ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলায় করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন ১৫০ জন। এর মধ্যে বরিশালে ৫৪ জন, পিরোজপুরে ৩১ ও ঝালকাঠিতে ৩৪ জন। এ ছাড়া বরগুনায় ১৭ জন, ভোলায় ৭ ও পটুয়াখালীতে ৭ জন রোগী শনাক্ত হয়েছেন। নতুন ১৫০ জন রোগী নিয়ে বিভাগে মোট সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ১৮। এ পর্যন্ত বিভাগের করোনায় মারা গেছেন ২৯৯ জন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়। এ নিয়ে এই হাসপাতালে উপসর্গ নিয়ে ৫১০ জনের মৃত্যু হলো। এ হাসপাতালে করোনায় মারা গেছেন ২০২ জন।
পরিস্থিতির অবনতি হচ্ছে
বরিশাল বিভাগে করোনা পরিস্থিতি প্রতিদিনই অবনতির দিকে যাচ্ছে। বিশেষ করে পুরোজপুরে ভারতীয় ডেলটা ভেরিয়েন্ট শনাক্ত হওয়া নিয়ে শুরুতেই পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল তিন জেলা নিয়ে উদ্বেগ ছিল স্বাস্থ্য বিভাগের। এক সপ্তাহ ধরে এই তিন জেলায় সংক্রমণের গতি সেই আশঙ্কারই প্রতিফলন বলে মনে করছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয় গত মে মাসের শুরুতে। মে মাসের শেষ সপ্তাহ থেকে জুনে মাঝামাঝি পর্যন্ত সংক্রমণ অনেকটা কমে এলেও ১৬ জুনের পর তা বাড়তে থাকে। বিশেষ করে বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠি—এই তিন জেলায় এক সপ্তাহের বেশি সময় ধরে সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনক হারে। ১৭ থেকে ২৭ জুন, এই ১১ দিনে বিভাগে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৯৬১ জন, যা বিভাগে শুরু থেকে এ পর্যন্ত হওয়া মোট সংক্রমণের ৫ দশমিক ৫৪ শতাংশ। এর মধ্যে বরিশাল জেলায় ৩৫১ জন, পিরোজপুরে ২৪৩ ও ঝালকাঠিতে ১৮৬ জন। অন্যরা অন্য তিন জেলার।
এই তিন জেলায় সংক্রমণ বাড়ার পেছনে বেশ কিছু কারণ আছে বলে মনে করছেন বিভাগীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এ বিষয়ে তাঁরা বলেন, সড়কপথে গোটা দক্ষিণাঞ্চলের সঙ্গে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল; রাজশাহীসহ উত্তরাঞ্চলের যোগাযোগ রয়েছে। প্রতিদিন এসব অঞ্চলের মধ্য দিয়ে শত শত বাসে হাজার হাজার লোক যাতায়াত করেছেন। পিরোজপুর ও ঝালকাঠি জেলা হচ্ছে বরিশাল বিভাগের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রানজিট পয়েন্ট। ফলে এই তিন জেলায় সংক্রমণ পরিস্থিতি খারাপ হচ্ছে। ইতিমধ্যে পিরোজপুরে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। পিরোজপুরের সীমান্ত জেলা বাগেরহাটেও এই ধরন শনাক্ত হওয়ার পাশাপাশি সেখানেও সংক্রমণ অনেক বেড়েছে। ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্তের হার বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর সবচেয়ে বেশি। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, তিন জেলায় যে হারে সংক্রমণ বাড়ছে, তাতে অন্য জেলাগুলোতেও তা দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। উদহারণ হিসেবে বরগুনার কথা উল্লেখ করেন তাঁরা। বরগুনায় রোববার ২৪ ঘণ্টায় হঠাৎ করেই ১৭ জন রোগী শনাক্ত হয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় তা ছিল মাত্র ৭ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘এই বিভাগে এক সপ্তাহ ধরে সংক্রমণ পরিস্থিতি ক্রমে অবনতি হওয়ায় আমরা উদ্বিগ্ন। এরই মধ্যে পিরোজপুরের চারটি পৌর শহর লকডাউন করা হয়েছে। শনিবার থেকে তা কার্যকর হয়েছে। একই সঙ্গে ২৮ জুন থেকে সারা দেশ কঠোর লকডাউনের আওতায় আসবে। এখন এই কঠোরতা ছাড়া আর কোনো বিকল্প নেই।’
শ্যামল কৃষ্ণ মণ্ডল আরও বলেন, এই বিভাগে সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে নমুনা পরীক্ষার সংখ্যাও বাড়ানো হয়েছে। এখন লক্ষণ দেখা দিলেই নমুনা পরীক্ষা করতে আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে শনাক্ত রোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও যেন নমুনা পরীক্ষায় আওতায় আনা হয়, সে উদ্যোগ নিতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, সাধারণ মানুষ সচেতন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা দুঃসাধ্য হবে। স্বাস্থ্যবিধি মেনে চলাই সংক্রমণ প্রতিরোধের একমাত্র উপায়।