বরিশালে কাজ পাইয়ে দিতে ছাত্রলীগ যুবলীগের মহড়া!
বরিশালে সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদারি কাজ নিজেদের মনোনীত ঠিকাদারকে পাইয়ে দিতে মহড়া দিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। গত রোববার তাদের বাধায় কয়েকজন ঠিকাদার দরপত্র জমা দিতে পারেননি বলেও অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৪০ কোটি টাকার পৃথক তিনটি কাজের দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল রোববার। এ জন্য সড়ক ও জনপথ বিভাগ এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দরপত্র বাক্স রাখা ছিল। দুপুর ১২টার দিকে জেলা ছাত্রলীগের আহ্বায়ক মিলন ভূইয়া, যুগ্ম আহ্বায়ক কাজী মনিরউদ্দিন তারিক, মহানগরের আহ্বায়ক জিয়াউর রহমান, যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান ও মহানগর যুবলীগের মেজবাহ উদ্দিনের নেতৃত্বে ২০-২৫টি মোটরসাইকেল নিয়ে নেতা-কর্মীরা সড়ক ও জনপথ বিভাগের কার্যালয় ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মহড়া দেয়। সেখানে নিজেদের মনোনীত ঠিকাদার ছাড়া অন্য কাউকে দরপত্রে অংশ নিতে দেয়নি তারা।বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দরপত্রে অংশ নিতে আসা মো. সেরনিয়াবাত প্রথম আলোকে জানান, ‘দরপত্র জমা দিতে গেলে অপরিচিত কয়েকজন লোক আমাকে বাধা দেয়। কাগজপত্র নিয়ে ছিঁড়ে ফেলে। এ ব্যাপারে আমি মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’ যোগাযোগ করা হলে জেলা ছাত্রলীগের আহ্বায়ক মিলন ভূঁইয়ার বিষয়টি এড়িয়ে যান। যুগ্ম আহ্বায়ক মনিরউদ্দিন তারিক মহড়া দেওয়ার কথা অস্বীকার করেন। সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোলাম রহমান বলেন, ‘আমাদের কার্যালয়ে কোনো সমস্যা হয়নি। বাইরে কিছু হয়ে থাকলে জানি না।’