বরিশালে কিআ নিয়ে কলেজশিক্ষার্থীদের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল রোববার সকাল তখন ১০টা। পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় কিশোর পত্রিকা কিশোর আলো (কিআ) নিয়ে সবিস্তার আলোচনা। ম্যাগাজিনটিতে লেখালেখি, এর প্রসারে নিজেদের উদ্যোগ নিয়ে কথা হয়। অভিজ্ঞতাও বিনিময় হয় লেখালেখি নিয়ে। প্রথম আলো বরিশাল কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করে নগরের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনা পঞ্চাশেক শিক্ষার্থী। নিজেরাই প্রজেক্টর, ল্যাপটপসহ অন্য উপকরণ নিয়ে উপস্থিত হন প্রথম আলো বরিশাল কার্যালয়ে। ওই আয়োজন চলে বেলা একটা পর্যন্ত।

উদ্যোক্তাদের একজন ইসরাত জাহান বলেন, আগে থেকেই তাঁরা বিতর্কচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। পাঠ্যবইয়ের পাশাপাশি গল্পের বই পড়ার ঝোঁক রয়েছে তাঁদের। কিআর নিয়মিত পাঠকও তাঁরা। কিআর বিষয়গুলো তাঁদের নিজস্ব বিষয় বলে মনে হয়। তাই সহপাঠীদের সঙ্গে নিয়ে কিআ বুক ক্লাব গঠন করার সিদ্ধান্ত নেন তাঁরা। এ কাজে প্রথম আগ্রহ দেখান তাঁর সহপাঠী আহমেদ জাহিন। এরপর অন্য বন্ধুরা যোগ দেন।

আহমেদ জাহিন বলেন, ‘কোনো একটা ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতেই কিআর পাঠক কিংবা বুক ক্লাব গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত জুলাইয়ে আমরা প্রথম এই উদ্যোগের কথা ভাবি। সেই উদ্যোগ আজ অনেকটা পরিণত। আহমেদ জাহিন, হিমেল সিকদার, সামসুজ্জোহা সুয়াদ, ইসরাত জাহান, সুচি, সাওদারা উদ্যোগকে এ পর্যন্ত এনেছেন। এখন প্রথম আলো ও কিআর নির্দেশনা বা পরামর্শ নিয়ে সামনে যেতে চাই।’