বরিশালে কীর্তনখোলার ভাঙন, বসতবাড়িসহ ২০ প্রতিষ্ঠান বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে গত দুই দিনে কীর্তনখোলা নদীর ভাঙনে ছয়টি বসতবাড়িসহ ২০ ব্যবসাপ্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে। সরিয়ে নেওয়া হয়েছে বরিশাল-ভোলা সড়কের ফেরি ও পন্টুন।
গত শুক্রবার বিকেল থেকে বরিশাল-ভোলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে গতকাল শনিবার বেলা ১১টার দিকে চরকাউয়া ইউনিয়নে কীর্তনখোলার তীরে কয়েক শ লোক মানববন্ধন কর্মসূচি পালন করেন। ভাঙনকবলিত এলাকায় সরেজমিনে দেখা গেছে, বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান হারানো লোকজন আহাজারি করছেন। পরিবার-পরিজন নিয়ে অনেকে আশ্রয় নিয়েছেন বাড়িসংলগ্ন এয়ার আহমেঞ্চদ মাধ্যমিক বিদ্যালয়ে। বরিশাল-ভোলা সড়কের কীর্তনখোলা ফেরিঘাটের পাশের অংশ দেবে গেছে। পন্টুন এলাকায় বড় ফাটল দেখা দেওয়ায় পন্টুন সরিয়ে নেওয়া হয়েছে। ভাঙনের আশঙ্কায় আশপাশের ব্যবসায়ীরা তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নিচ্ছেন। জেলা প্রশাসক মো. শহীদুল আলম গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন। এ ছাড়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেছেন, তাঁরা ভাঙন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবেন। সড়ক ও জনপথ বিভাগের কর্মচারী নুরুজ্জামান জানান, শুক্রবার বিকেলে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। রাত ১২টায় পন্টুন সরিয়ে নেওয়া হয়।