বরিশালে কৃষি প্রণোদনা পাচ্ছেন ১৯ হাজার কৃষক
রবি মৌসুম সামনে রেখে বরিশাল বিভাগের ছয় জেলায় ১৯ হাজার কৃষককে প্রণোদনা সহায়তা হিসেবে কৃষি উপকরণ দেবে সরকার।
এই সহায়তার মধ্যে থাকবে ভুট্টা, সরিষা, চিনাবাদাম, মুগ, খেসারি, ফেলন ডালের বীজ ও দুই ধরনের সার। বরিশাল আঞ্চলিক কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানান।
বরিশাল আঞ্চলিক কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র জানায়, এর মধ্যে এসব সহায়তা বিতরণের জন্য উপকারভোগী কৃষকদের তালিকা প্রণয়নের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহ থেকে এসব সহায়তা মাঠপর্যায়ে কৃষকদের মাঝে বিতরণ শুরু হবে।
বরিশাল আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যমতে, রবি মৌসুমে বিভাগের ছয় জেলায় ১৯ হাজার কৃষক প্রণোদনা পাবেন। প্রণোদনাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে ভুট্টাবীজ পাবেন ৬ হাজার ২৫০ জন, সরিষা ৩ হাজার জন, চিনাবাদাম ১ হাজার ৫০০ জন, মুগ ৩ হাজার জন, খেসারি ৪ হাজার ২০০ এবং ফেলন ডালবীজ পাবেন ১ হাজার ৫০ জন কৃষক।
সূত্র জানায়, একজন কৃষক শুধু একধরনের বীজ পাবেন।
কৃষি সম্প্রসারণ বিভাগের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক আবদুল আজিজ ফরাজি বলেন, ‘উপকারভোগী কৃষকদের তালিকা চূড়ান্ত করে ফেলেছি। এখন উপকরণ পেলেই আমরা তা বিতরণ কার্যক্রম শুরু করব।’