বরিশালে ক্রেতারা ঠকছেন
বরিশালে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) ওজন পরিমাপক আইন বাস্তবায়িত না হওয়ায় প্রতিনিয়ত ঠকছেন সাধারণ ক্রেতারা।বরিশাল বিভাগীয় বিএসটিআই কার্যালয় সূত্রে জানা গেছে, গত এক বছরে ৬৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ওজনে কম দেওয়া ও মান সঠিক না থাকার অভিযোগে ২০৫টি মামলা হয়েছে এবং পাঁচ লাখ ৩৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া ৮৪টি জুয়েলারি দোকানের ১২ হাজার ৫৮০টি বাটখারা এবং ৮৪১টি নিক্তি ঠিক করে দেওয়া হয়েছে। ৪৭টি রড-সিমেন্টের দোকানের বিম স্কেল (দাঁড়িপাল্লা) ঠিক করা হয়েছে। ২৪টি তেলের পাম্পের ৭৫টি ইউনিট সঠিকভাবে নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়েছে। অথচ ব্যবসা শুরুর আগে ব্যবসায়ীদের বিএসটিআই কার্যালয়ে এসে মান নিয়ন্ত্রণ এবং বাটখারা ও দাঁড়িপাল্লা পরীক্ষা করানোর কথা। গত পাঁচ বছরে মাত্র দুজন ব্যবসায়ী এ কাজ করেছেন। অন্য সব দোকানে গিয়ে বিএসটিআই কর্মকর্তাদেরই যাচাই করতে হচ্ছে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বরিশালের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার দত্ত বলেন, ব্যাপক প্রচারণা না থাকায় কেজির পরিবর্তে সের, কাপড় বিক্রির ক্ষেত্রে মিটারের পরিবর্তে গজ এবং স্বর্ণের দোকানে গ্রাম পদ্ধতির পরিবর্তে ভরির প্রচলন রয়ে গেছে। এর জন্য জনসচেতনতামূলক কার্যক্রম এবং প্রয়োজনে অভিযুক্ত ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা দরকার।বিএসটিআই বরিশাল বিভাগীয় উপপরিচালক শওকত হোসেন বলেন, ‘অনেক ব্যবসাপ্রতিষ্ঠানই কেবল অভিযান পরিচালনার সময় বিএসটিআই পরীক্ষিত পরিমাপক ব্যবহার করে। আমরা চেষ্টা করছি উপজেলা সদর ছাড়াও বড় হাট-বাজার পর্যন্ত পৌঁছাতে। তবে বরিশাল বিভাগের জন্য মাত্র আটজন কর্মকর্তা- কর্মচারী কাজ করায় সব ব্যবসাপ্রতিষ্ঠান এর আওতায় আনা সম্ভব হচ্ছে না।’