বরিশালে খাবারে বিষক্রিয়ায় মাদ্রাসার ৫১ জন অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে গত মঙ্গলবার রাতে বরিশাল নগরের ৪ নম্বর ওয়ার্ডের উলানঘুনি ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীসহ ৫১ জন অসুস্থ হয়ে পড়েন। এঁদের মধ্যে শিক্ষকসহ ৪৭ জন সুস্থ হয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছেন। বাকি চার শিক্ষার্থী এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

বরিশাল জেনারেল (সদর) হাসপাতালের আবাসিক চিকিৎসক দেলোয়ার হোসেন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন উলানঘুনি ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা। ইতিমধ্যে ৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি চার শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারাও অনেকটা সুস্থ।

উলানঘুনি ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা পরিষদের সভাপতি আনোয়ার হোসেন বলেন, মঙ্গলবার বিকেলে আসরের নামাজের জন্য অজু করতে গিয়ে তিনি দেখেন, মাদ্রাসার দুটি শৌচাগারের সামনে ১৬-১৭ জন ছাত্র লাইনে দাঁড়ানো। কে শৌচাগারে আগে যাবে এ নিয়ে তাদের মধ্যে হুড়োহুড়ি চলছে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় শিক্ষার্থীদের কাছে সমস্যার কথা জানতে চান তিনি। এ সময় শিক্ষার্থীরা তাদের পেট খারাপ হয়েছে বলে জানায়। মাগরিবের নামাজের পরপরই বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের সঙ্গে হেফজ বিভাগের শিক্ষক হাফেজ জহিরুল ইসলামও অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় শিক্ষকসহ ৫১ জনকে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করা হয়।

আনোয়ার হোসেন বলেন, শিক্ষক-শিক্ষার্থীরা আগের রাতের অবশিষ্ট খিচুড়ি খেয়েছিল। ওই খিচুড়ি বাসি ছিল। তা খেয়েই এই সমস্যা হয়েছে।

অসুস্থ শিক্ষক-শিক্ষার্থীদের দেখতে রাতেই হাসপাতালে যান বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান। তিনি অসুস্থ সবার চিকিৎসার খোঁজখবর নেন। একই সঙ্গে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেন।

জেলা প্রশাসক সাইফুজ্জামান প্রথম আলোকে বলেন, খাবার থেকে হোক আর যে কারণেই হোক অর্ধশত মানুষ অসুস্থ হয়ে পড়েছে। এর কারণ জানতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মনির হোসেন হাওলাদারকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।