বরিশালে খাল দখলমুক্ত করতে আলটিমেটাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের কীর্তনখোলা নদী থেকে নথুল্লাবাদ পর্যন্ত জেল খালের তিন কিলোমিটার দখলমুক্ত হয়েছে। এবার খালের বাকি চার কিলোমিটার দখলমুক্ত করতে কাজ শুরু করেছে প্রশাসন। অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সময় বেঁধে দেওয়া হয়েছে।
গত সোমবার দুপুরে জেল খালের নথুল্লাবাদ এলাকা থেকে শুরু হয় সীমানা নির্ধারণের কাজ। গতকাল মঙ্গলবার খালের সোনামিয়ার পুল পর্যন্ত চার কিলোমিটার অংশে দুই পাড়ে সীমানা চিহ্নিতকরণ শুরু করেছে প্রশাসন।
গতকাল দুপুরে জিয়া সড়ক এলাকায় গিয়ে দেখা গেছে, খালের দুই পাড়ে থাকা অবৈধ স্থাপনা নিজেদের উদ্যোগে সরিয়ে নিচ্ছে লোকজন। তবে একতা সরণির সামনে, সোনামিয়ার পুল এলাকাসহ কয়েকটি স্থানে কিছু স্থাপনা এখনো রয়ে গেছে।
জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান প্রথম আলোকে বলেন, খাল, নদী ও সড়ক জনগণের। সেগুলো জনগণের জন্য উন্মুক্ত রাখা প্রশাসনের দায়িত্বের মধ্যে পড়ে। এরই অংশ হিসেবে নগরের খালগুলো অপদখলমুক্ত করার কাজ চলছে।