বরিশালে খাল পুনরুদ্ধারে দুই দিনে ৫০০ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল নগরের কাউনিয়া এলাকায় অবস্থিত লাকুটিয়া খালের পাশের অবৈধ স্থাপনা নিজস্ব উদ্যোগে সরিয়ে নিচ্ছেন অনেকে। ছবিটি গতকাল সকালের l প্রথম আলো
বরিশাল নগরের কাউনিয়া এলাকায় অবস্থিত লাকুটিয়া খালের পাশের অবৈধ স্থাপনা নিজস্ব উদ্যোগে সরিয়ে নিচ্ছেন অনেকে। ছবিটি গতকাল সকালের l প্রথম আলো

দখল ও দূষণে বিলুপ্ত হওয়ার পথে বরিশালের বেশ কয়েকটি খাল। এসব খাল দখল হওয়ায় জলাবদ্ধতাও বাড়ছে। সরকারি খাস খতিয়ানে থাকা বরিশাল নগরের এমন ২৩টি খাল পুনরুদ্ধারে কাজ শুরু করেছে প্রশাসন। গত দুই দিনে প্রায় ৫০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
গতকাল নগরের লাকুটিয়া খালের দুই পাড়ে থাকা অবৈধ স্থাপনা অপসারণে কাজ শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন ও বরিশাল জেলা প্রশাসন।
জেলা প্রশাসন ও সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের মধ্য দিয়ে প্রবাহিত ২৩টি খাল দখলমুক্ত করার উদ্যোগের অংশ হিসেবে মৌজা ও সিএস ম্যাপ অনুযায়ী সরকারি খাস খতিয়ানে থাকা খালগুলো চিহ্নিত করা হয়। এসব খালের পাড়ে ব্যানার ও সীমানা পিলার স্থাপন করা হয় প্রশাসনের পক্ষ থেকে। ৯ নভেম্বর খালগুলোর দুই পাড়ে থাকা অবৈধ স্থাপনা নিজ নিজ উদ্যোগে সরিয়ে নিতে মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়। কিন্তু অনেক দখলকারী স্থাপনা সরিয়ে নেয়নি। এরপর শনিবার থেকে খাল দখলমুক্ত করার অভিযান শুরু হয়েছে। প্রথম দিনে ভাটার খালে এবং গতকাল লাকুটিয়া খালে অভিযান চালানো হয়।
বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আহসান হাবিবের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ, মেট্রোপলিটন পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, পরিবেশ অধিদপ্তর, পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), নদী-খাল বাঁচাও আন্দোলনসহ বিভিন্ন সংগঠন ও নাগরিকেরা অংশ নিচ্ছেন।