বরিশালে খালেদা জিয়ার সফর স্থগিত
বরিশালে খালেদা জিয়ার সফর স্থগিত করা হয়েছে। ২২ অক্টোবর বরিশালের বিভাগীয় সমাবেশ হওয়ার কথা ছিল।
হঠাৎ করেই ওই সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। কবে বরিশালে জনসভা হবে তা-ও তাঁরা জানাতে পারেননি।
গত শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার বরিশালের সফর স্থগিত করা হয়েছে বলে জানান। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের স্থানীয় নেতারা।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ার জানান, ২৫ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করার কথা রয়েছে। এর সঙ্গে ঈদ ও পূজার কারণে সার্বিক সমন্বয়ের কথা বিবেচনায় নিয়ে কেন্দ্র বরিশালের সমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে পরবর্তী সময় বরিশালে খালেদা জিয়ার সফর হবে।
উল্লেখ্য, বরিশালে খালেদা জিয়ার সফর দ্বিতীয়বারের মতো স্থগিত করা হলো। এর আগে গত ২৯ সেপ্টেম্বর বরিশাল সফরের কথা ছিল খালেদা জিয়ার।