বরিশালে খেলাঘরের সম্মেলন ও শিশু সমাবেশ
সম্পদের সমবণ্টন নিশ্চিত করতে মুক্তিযুদ্ধের চেতনায় শিশুদের গড়ে তুলতে হবে। আজকের খেলাঘর আগামী দিনের বাংলাদেশ। শিশুদের বিকশিত করতে না পারলে ২১ শতকের ভিশন অপূর্ণ থেকে যাবে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে খেলাঘর বরিশাল জেলা সম্মেলন ও বিভাগীয় শিশু সমাবেশ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন কেন্দ্রীয় খেলাঘর আসরের চেয়ারপারসন অধ্যাপক মাহফুজা খানম।খেলাঘর বরিশালের ৫৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্যাপন পরিষদের চেয়ারম্যান জীবন কৃষ্ণ দের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র শওকত হোসেন হিরন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংসদ তালুকদার মো. ইউনুস, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চিকিৎসক লেনিন চৌধুরী, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজল ঘোষ, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা পংকজ রায় চৌধুরী, ইউনিসেফ বরিশাল বিভাগের প্রধান তৌফিক আহম্মেদ প্রমুখ।