বরিশালে গানে গানে জঙ্গিবাদবিরোধী কর্মসূচি পালন
বরিশালের ২৭টি সাংস্কৃতিক সংগঠনের জোট গতকাল মঙ্গলবার জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদী অনুষ্ঠানে গানে গানে প্রতিবাদ জানিয়েছে। একই দিন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল এবং সেক্টর কমান্ডার ফোরাম বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা পৃথকভাবে মানববন্ধন করেছে।
গতকাল বিকেল সাড়ে চারটার দিকে ‘জাগো মানুষ, রুখো জঙ্গিবাদ’ শিরোনামে নগরের অশ্বিনীকুমার হল চত্বরে সাংস্কৃতিক জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ ওই প্রতিবাদ অনুষ্ঠানের আয়োজন করে। এতে ‘মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান’, ‘রাম-রহিম না জুদা করো ভাই’সহ বিভিন্ন প্রতিবাদী সংগীত পরিবেশন করেন উদীচী, তানসেন ও সুরলহরীর শিল্পীরা। গানের ফাঁকে ফাঁকে জঙ্গিবাদের বিরুদ্ধে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বক্তব্য দেন নাগরিকেরা। তাঁরা বলেন, কোনো বিশেষ ধর্মীয় পরিচয়ে নয়, মানুষ হিসেবে সবাইকে এক থাকতে হবে।
প্রতিবাদ সমাবেশে জোটের সভাপতি এস এম ইকবাল সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ দুলাল, সেক্টর কমান্ডারস ফোরামের বরিশালবিভাগের সভাপতি প্রদীপ কুমার ঘোষ প্রমুখ।
সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অশ্বিনীকুমার হলের সামনেসহ নগরের বিভিন্ন স্থানে মানববন্ধন করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল। এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে অংশ নেন বরিশাল মহানগরের সব স্কুল-কলেজের শিক্ষক ও কর্মচারীরা। মানববন্ধনে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বোর্ডের সচিব মোতালেব হাওলাদার।
বেলা ১১টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা সেক্টর কমান্ডারস ফোরাম ও প্রজন্ম ’৭১-এর ক্যাম্পাসে মানববন্ধন করে।