বরিশালে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরে গতকাল সোমবার দিনদুপুরে মুঠোফোনের মাধ্যমে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের পরিবেশক প্রতিষ্ঠানের দুই কর্মীকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
প্রতিষ্ঠানটির দাবি, প্রায় ৬০ লাখ টাকা ছিনতাই হয়েছে তাদের। পুলিশ ছিনতাইয়ে ব্যবহূত একটি প্রাইভেট কার ও এর চালককে আটক করেছে। গাড়িটি থেকে ৩০টি বোমাও উদ্ধার করা হয়েছে।
নগরের হাসপাতাল রোড এলাকার মনোয়ারা মঞ্জিলের দ্বিতীয় তলায় বিকাশ পরিবেশক প্রতিষ্ঠান মেসার্স ওয়েব এন্টারপ্রাইজ অবস্থিত। বেলা সোয়া একটার দিকে ওই ভবনের সামনেই এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পরিবেশক প্রতিষ্ঠানটির নিরাপত্তারক্ষী মো. আলাউদ্দিন জানান, মেসার্স ওয়েব এন্টারপ্রাইজের দুই কর্মী মো. ইব্রাহিম হাওলাদার ও মো. মনির হোসেন সদর রোডের দুটি ব্যাংক থেকে ব্যাগভর্তি টাকা নিয়ে মনোয়ারা মঞ্জিলের সামনে আসেন। এ সময় হঠাৎ দু-তিনজন লোক তাঁদের ব্যাগ ধরে টানাহেঁচড়া শুরু করেন। ব্যাগ না ছাড়ায় দুর্বৃত্তরা চারটি গুলি করে। এর দুটি গুলি ইব্রাহিম ও মনিরের গায়ে লাগে। সেই সুযোগে তাঁদের কাছ থেকে টাকাভর্তি ব্যাগ নিয়ে একটি প্রাইভেট কারযোগে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় কয়েকটি বোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি করা হয়।
ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী মো. আমানউল্লাহ জানান, দুর্বৃত্তরা ছিনতাই শেষে প্রাইভেট কারটি নিয়ে মরকখোলার পুল দিয়ে দ্রুত পালাতে থাকে। এ সময় স্থানীয় কয়েকজন মোটরসাইকেলে করে গাড়িটি ধাওয়া দেন। একপর্যায়ে পুলিশও গাড়িটি অনুসরণ করে। অবস্থা বেগতিক দেখে ছিনতাইকারীরা গাড়ি থেকে নেমে টাকা নিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পরই নগরের মধুমিয়ার পুল এলাকার ব্রজমোহন কলেজের সামনে গিয়ে গাড়িটির চাকা পাংচার হয়ে যায়। সেখানে উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর এবং চালক মো. শহীদুল ইসলামকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, প্রাইভেট কার ও এর চালককে আটক করা গেলেও ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা যায়নি। আটক গাড়িচালককে নিয়ে ছিনতাই হওয়া টাকা উদ্ধার অভিযানে নেমেছে পুলিশ।
মেসার্স ওয়েব এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মো. শাহিনুর রহমান জানান, আইএফআইএসি ও ব্র্যাক ব্যাংক থেকে প্রায় ৬০ লাখ টাকা তুলে আনা হয়েছিল। সব টাকাই ছিনতাই হয়েছে।
গুলিবিদ্ধ ইব্রাহিম ও মনিরকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্ত্রোপচার করে গুলি বের করার পর তাঁরা এখন শঙ্কামুক্ত।