বরিশালে গ্রিন সিটি পার্ক আজ থেকে সবার জন্য উন্মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলে দেওয়া হলো নগরের গ্রিন সিটি পার্ক। ১ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে নির্মিত পার্কটি গতকাল শুক্রবার রাতে উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার থেকে পার্কটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
নগরের বঙ্গবন্ধু উদ্যান-সংলগ্ন গ্রিন সিটি পার্কটি গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইমতিয়াজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মোশারফ আলী খান, কাউন্সিলর মীর জাহিদুল কবির, হাবিবুর রহমান ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোতালেব হোসেন।
এক একর জমির ওপর পার্কটি নির্মাণ করেছে সিটি করপোরেশন। পার্কের মধ্যে শিশুদের খেলাধুলার জন্য একটি মাঠ রয়েছে। এ ছাড়া আছে ১৪টি রাইড, ১০টি বসার বেঞ্চ, ২টি খাবার ঘর ও ১টি বিশ্রামাগার। পার্কটি রক্ষণাবেক্ষণ করবে সিটি করপোরেশন। পার্কের রাইড ও অন্যান্য সামগ্রী ব্যবহারে কোনো টাকা নেওয়া হবে না। থাকবে না প্রবেশমূল্যও।