বরিশালে ঘরমুখো মানুষের নিরাপত্তায় নানা পদক্ষেপ
ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছে বরিশাল নৌবন্দর কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিএর উদ্যোগে ইতিমধ্যে গঠন করা হয়েছে বন্দর সমন্বয় কমিটি। বরিশালের বিভিন্ন প্রশাসনিক দপ্তরের সঙ্গে বৈঠক করে ওই কমিটি গঠন করা হয়েছে।
বরিশাল নৌবন্দরের যুগ্ম পরিচালক ও বন্দর কর্মকর্তা মো. শহীদ উল্যাহ জানান, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, লঞ্চমালিক সমিতি, বন্দর কর্মকর্তা ও কোস্টগার্ড দায়িত্ব পালন করবে।
বন্দর কমিটি জানায়, কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে। কাজের মধ্যে প্রথম গুরুত্ব দেওয়া হয়েছে লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন না করা। লঞ্চগুলোতে পর্যাপ্ত জীবন রক্ষাকারী বয়া আছে কি না তা নিশ্চিত করা। এ ছাড়া বরিশাল-ঢাকা নৌপথে ঈদের সময় জেলেরা যাতে জাল ফেলে প্রতিন্ধকতা সৃষ্টি করতে না পারে সেদিকে লক্ষ রাখা। বিশুদ্ধ খাবার পানি সরবারহ, যাত্রীদের সচেতন করতে মাইকে প্রচারণা চালানো, জরুরি চিকিৎসাসেবা প্রদান ও গভীর রাতে ঢাকা থেকে আসা যাত্রীদের বন্দর ভবনের বিশ্রামাগারে নিরাপত্তা দেওয়া। একই সঙ্গে অতিরিক্ত চাপ সামাল দিতে অস্থায়ী যাত্রী ছাউনি স্থাপন করাসহ যা যা প্রয়োজন সব পদক্ষেপ নেওয়া হবে।
বরিশাল নৌবন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক আবুল বাশার মজুমদার বলেন, ঈদে বাড়িতে আসা যাত্রীদের নিরাপত্তা দিতে বন্দরের পক্ষ থেকে সব পরিকল্পনা করা হয়েছে। যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারেন তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসন ও স্থানীয় সব পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়েছে। সবার সহযোগিতায় ভালোভাবেই ঈদে যাত্রীদের নিরাপত্তা দেওয়া সম্ভব হবে।