বরিশালে চর দখলে মরিয়া ভূমিদস্যু চক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের কীর্তনখোলা নদীতে জেগে ওঠা চর দখলে মরিয়া হয়ে উঠেছে ভূমিদস্যু চক্র। চরের জমি দখলে বাধা দেওয়ায় গত শনিবার সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ কৃষক ফেডারেশন বরিশাল শাখার সভাপতি আহত হয়েছেন।থানায় দায়ের করা কৃষক ফেডারেশনের সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে কবির ঢালি, এমরাজ হোসেন, খলিলুর রহমান, চানবরু বেগমসহ ২০-২৫ জনের একটি দল কৃষক ফেডারেশন বরিশাল জেলার সভাপতি হারুন ভাণ্ডারী ও কিষানী ফেডারেশনের জেলা সভাপতি রেহানা বেগমের ওপর হামলা চালায়। এ সময় তারা তাঁদের হত্যারও হুমকি দেয়।বাংলাদেশ কৃষক ফেডারেশন বরিশাল জেলা ও মহানগর শাখার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কীর্তনখোলা নদীর তীরে জেগে ওঠা রসুলপুর চর ও সুজনপুর চরে বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মান্নান ও সদস্য শিপ্রা রানীর নাম ভাঙিয়ে ভুয়া ভূমিহীনদের কার্ড বিলির মাধ্যমে অর্থ আত্মসাতের নামে একটি মহল তৎপর রয়েছে। তারা ভূমিহীনদের সম্পত্তি পাইয়ে দেওয়ারও লোভ দেখাচ্ছে। এ ব্যাপারে গত ১৯ জুলাই কোতোয়ালি মডেল থানায় একটি জিডি করা হয়। এর জের ধরে সন্ত্রাসীরা গত শনিবার দুপুরে নগরের ফজলুল হক এভিনিউ এলাকায় হারুন ভাণ্ডারী ও রেহানা বেগমের ওপর হামলা চালায়। পরে সাধারণ লোকজন হারুন ভাণ্ডারীকে উদ্ধার করে। আর হামলার শিকার রেহানা বেগমকে আটক করে নিয়ে যায় পুলিশ। কার্ড দেওয়ার ব্যাপারে জানতে আবদুল মান্নানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তবে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বদরুল আলম প্রথম আলোকে বলেন, বরিশালে ভূমিহীনদের মধ্যে কার্ড বিতরণের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।বরিশাল ভূমি কার্যালয় সূত্র জানায়, ১৯৮০ সালে কীর্তনখোলা নদীতে চর জেগে ওঠে। এর নাম দেওয়া হয় রসুলপুর চর। এখানে ২৫ একর ২৩ শতাংশ খাসজমি রয়েছে। এর মধ্যে কিছু জমিতে ভূমিহীন কৃষকেরা বসবাস করে আসছেন। বিগত চারদলীয় জোট সরকারের সময় রসুলপুর চরে অবৈধভাবে প্লট করে জমি কেনাবেচা শুরু হয়। এখনো প্রভাবশালীদের ছত্রছায়ায় রসুলপুর ও আশপাশের চর দখল অব্যাহত রয়েছে। ভূমিহীনদের পক্ষে বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি হারুন ভাণ্ডারী অভিযোগ করেন, ‘রসুলপুর চরের খাসজমি ভূমিহীনদের নামে চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়ার দাবি জানিয়ে আসছিলাম। কিন্তু চরের জমি দখলের জন্য বর্তমানে ভূমিহীনদের সঙ্গে কৌশলে লাঠিয়াল বাহিনী যোগ দিয়েছে। তাদের অবৈধ কাজের বিরুদ্ধে থানায় জিডি করা এবং ভূমিহীনদের পক্ষে আন্দোলন করায় আমার ওপর হামলা চালানো হয়েছে।’ হামলায় অভিযুক্ত কবির ঢালী বলেন, ‘হারুন ভাণ্ডারী আমারে ভূমিদস্যু বানাইয়া ছাড়ছে। তবে আমি ওই হামলার সঙ্গে জড়িত নই। কৃষক ফেডারেশনের দুইটি গ্রুপ। তাদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে ওই ঘটনা ঘটে থাকতে পারে।’বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুজ্জামান বলেন, দুই পক্ষের মধ্যে মারামারির সময় স্থানীয় লোকজন রেহানা বেগম নামের একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে। তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আজ (গতকাল রোববার) আদালতে পাঠানো হয়েছে।