
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের জন্মদিন ছিল ১৭ ফেব্রুয়ারি। কবির জন্মদিন উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে চার দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। বইমেলা, আলোচনা, প্রবন্ধ উপস্থাপন, কবি আড্ডাসহ প্রতিদিন থাকছে নানা আয়োজন।
গতকাল শনিবার বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলে উৎসবের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. গাউস।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জীবনানন্দ দাশ প্রকৃতির কবি। সারা বিশ্বে আজ জীবনানন্দ দাশ চর্চা হচ্ছে। তাঁর জন্মদিন উপলক্ষে বরিশালে উৎসব হচ্ছে। এর পরিধি বাড়াতে হবে। এটাকে বরিশালের গণ্ডির মধ্যে না রেখে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে হবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় আধুনিক এই কবিকে নিয়ে বড় আয়োজন হোক, সেই প্রত্যাশা করেন তিনি।
জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) কাজী হোসনে আরা প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের পর দিনব্যাপী অশ্বিনী কুমার হলে চলে বইমেলা।