বরিশালে চালুর আগেই ভাঙনে বিলীন হচ্ছে পানি শোধনাগার
কীর্তনখোলা নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে বরিশাল মহানগরের পানি শোধনাগার। চালুর আগেই প্রকল্প এলাকার সড়ক, নিরাপত্তা বেষ্টনী, প্রকল্প কার্যালয়, রাসায়নিক ভবন ও গুদাম বিলীন হয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, শোধনাগারটি নির্মাণের আগে তাদের মতামত নেওয়া হয়নি। এটি বালুর ওপর নির্মাণ করায় দ্রুত ভেঙে যাচ্ছে। আপত্কালীন ব্যবস্থা নিতে জিও ব্যাগ ফেলার প্রস্তুতি নিচ্ছে পাউবো। তবে স্থায়ী ব্যবস্থা নেওয়া না হলে শোধনাগার রক্ষা করা সম্ভব হবে না।
২০১১ সালে নগরের পলাশপুর এলাকায় কীর্তনখোলা নদীর তীরে আধুনিক পানি শোধনাগারের নির্মাণকাজ শুরু করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ২০১৪ সালে নির্মাণকাজ শেষ হলেও এর সুবিধা পাচ্ছে না নগরবাসী। চালু হওয়ার আগেই নদীভাঙনে বিলীন হওয়ার মুখে পড়েছে শোধনাগারটি। নষ্ট হচ্ছে এর যন্ত্রপাতি ও স্থাপনা।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম বলেন, পাউবোর মতামত নেওয়া হয়নি এটা সঠিক। সিটি মেয়র জায়গা দেখিয়ে দিয়েছেন, তাঁরা কাজ করেছেন। প্রকল্প সফলভাবে সম্পন্ন হলেও সিটি করপোরেশন সেটা বুঝে নিচ্ছে না। এখন ভাঙনের মুখে পড়ায় তীব্র সমস্যা হচ্ছে। পাউবোকে ভাঙন ঠেকাতে অনুরোধ জানানো হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, শোধনাগারের নিরাপত্তা বেষ্টনীর অস্তিত্ব নেই। ভেঙে গেছে প্রায় ২০০ ফুটের কার্যালয়, সিসি ঢালাই সড়ক, প্রকল্প কার্যালয়। বর্তমানে রাসায়নিক দ্রব্য রাখার ভবনটি নদীর মধ্যে থামের ওপর দাঁড়িয়ে আছে। পাশে থাকা ময়লা পানি রাখার আধারের অর্ধেক পানির মধ্যে। পাম্প হাউস এবং মূল শোধনাগার থেকে নদীর দূরত্ব কয়েক গজ মাত্র। এখানে কর্মী না থাকায় প্রকল্পের কর্মীরাই দেখভাল করছেন।
শোধনাগারের প্রকল্প ব্যবস্থাপক অনিল কুমার রায় বলেন, ২০১৪ সালে কাজ শেষ হয়েছে। সিটি করপোরেশনকে বুঝিয়ে দেওয়া হলেও নিচ্ছে না। প্রকল্প এলাকার প্রাচীর, স্থাপনাসহ ২০০ ফুট এলাকা নদীতে ভেঙে গেছে। এখন মূল প্ল্যান্ট হুমকির মুখে পড়েছে।
পাউবোর বরিশাল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ বলেন, ৩০ লাখ টাকার জিও ব্যাগ ফেলার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে ওখানকার ভাঙন স্থায়ীভাবে প্রতিরোধে একটি বড় প্রকল্প নেওয়া হয়েছে। সেটির অনুমোদন হলে পানি শোধনাগার রক্ষা করা সম্ভব হবে।
জিও ব্যাগ ফেলার দায়িত্ব পাওয়া ঠিকাদার মো. শফিকুল ইসলাম বলেন, মৌখিকভাবে ওই এলাকায় ৯০০ জিও ব্যাগ ফেলার নির্দেশ দিয়েছে পাউবো। তবে ওই এলাকার ভাঙন ঠেকাতে হলে এখানে ব্লক ফেলতে হবে। তা না হলে ভাঙন ঠেকানো সম্ভব হবে না।