বরিশালে গতকাল শুক্রবার রহস্যজনকভাবে আরিফুর রহমান নামের একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এটা স্বাভাবিক মৃত্যু না হত্যাকাণ্ড—তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলছে, আরিফুর মাদকাসক্ত ছিলেন। এটাই মৃত্যুর কারণ হতে পারে। তবে স্থানীয় লোকজনের অভিযোগ, আরিফুরকে তাঁর কর্মস্থল বরিশাল সেফা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মারধর করেছেন। আরিফুরের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায়। তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে স্নাতকোত্তর পাস করার পর সেফা ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন। আরিফুরের মৃত্যুর ঘটনায় পুলিশ প্রতিষ্ঠানটির দুই কর্মচারীকে আটক করলেও পরে ছেড়ে দিয়েছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশ জানায়, আরিফুর রহমান সেফা ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত অবস্থায় গতকাল সকাল ১০টার দিকে অস্বাভাবিক আচরণ করতে থাকেন। তিনি ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারীদের সঙ্গে আপত্তিকর আচরণ করেন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়ে যান। এরপর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে আরিফুরের নাক দিয়ে রক্ত পড়তে দেখা গেছে। স্থানীয় লোকজনের অভিযোগ, চিকিৎসক আরিফ গতকাল সকালে অস্বাভাবিক আচরণ শুরু করলে সেফা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. শাহিনের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শাহিন তাঁকে মারধরও করেন। জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, চিকিৎসক আরিফ আগে থেকেই নেশাগ্রস্ত ছিলেন বলে তাঁরা জানতে পেরেছেন। অতিরিক্ত মাদক সেবনের কারণে তিনি মারা যেতে পারেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রতিবেদন পেলে জানা যাবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে। তিনি জানান, আরিফের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সেফা ডায়াগনস্টিক সেন্টারের দুই কর্মীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।