বরিশালে চিকিৎসাধীন অবস্থায় স্কুলছাত্রীর মৃত্যু, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার আনারকলি পলি (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আনারকলি নগরের পুরান কয়লাঘাট এলাকার মোহাম্মদ আলীর মেয়ে এবং নগরের সৈয়দ মমতাজ মজিদুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।চিকিৎসকের অবহেলায় আনারকলির মৃত্যু হয়েছে, এমন অভিযোগে তার স্বজন ও এলাকাবাসী হাসপাতালটি অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে তারা মেয়েটির মরদেহ নিয়ে নগরে বিক্ষোভ মিছিল করে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বিদ্যুতের বিকল্প ব্যবস্থা না থাকায় দুর্ঘটনাটি ঘটেছে।আনারকলির বাবা মোহামঞ্চদ আলীর ভাষ্যমতে, পেটে ব্যথার কারণে তাঁর মেয়েকে গত ১ মে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আনারকলির অ্যাপেনডিসাইটিস হওয়ায় চিকিৎসক অস্ত্রোপচারের পরামর্শ দেন। সরকারি ছুটি ও অন্যান্য সমস্যার কারণে দুই দফা অস্ত্রোপচারের দিনক্ষণ পিছিয়ে যায়। অবশেষে গতকাল বেলা ১১টায় অস্ত্রোপচারের সময় নির্ধারণ করা হয়। নির্ধারিত সময়ে আনারকলিকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। দুপুর দুইটার দিকে কারও সঙ্গে কোনো কথা না বলে আনারকলিকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা আনারকলিকে মৃত ঘোষণা করেন।সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এ কে এম শামসুদ্দিন বলেন, ‘দুপুর একটায় অস্ত্রোপচার কক্ষে কর্তব্যরত চিকিৎসক জি এম নাজিমুল হক আমাকে ডেকে পাঠান। সেখানে গিয়ে দেখি, মেয়েটির হূদ্যন্ত্রে সমস্যা হওয়ায় অক্সিজেন দেওয়া হয়েছে। অবস্থার তেমন কোনো অবনতি না হওয়ায় আমি চলে আসি। বেলা দুইটায় পুনরায় ডেকে পাঠালে গিয়ে অবস্থার অবনতি দেখে সাকশন দিতে বলি। কিন্তু সে সময় বিদ্যুৎ চলে যায়। হাসপাতালে কোনো জেনারেটর না থাকায় দ্রুত তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সাকশন করতে না পারায় মেয়েটির মৃত্যু হয়ে থাকতে পারে।’মোহাম্মদ আলী অভিযোগ করেন, তাঁর মেয়েকে বিদ্যুৎহীন অবস্থায় অস্ত্রোপচার করা হয়েছে। তিনি বলেন, ‘যারা তাঁর মেয়েকে মেরে ফেলেছে, তাঁদের ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’জানতে চাইলে আরএমও এ কে এম শামসুদ্দিন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাঁরা ঘটনা তদন্ত করবেন বলে জানিয়েছেন।এ ব্যাপারে সদর হাসপাতালের শল্যচিকিৎসা বিভাগের কর্তব্যরত চিকিৎসক জি এম নাজিমুল হক এবং অবেদনবিদ মাহবুবুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান বলেন, স্কুলছাত্রীর মৃত্যুর খবরে এলাকাবাসী হাসপাতালটিতে হামলার চেষ্টা চালায়। তখন র‌্যাব-পুলিশের কয়েকটি দল সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভকারীদের শান্ত করে। পরে মেয়েটির স্বজন ও এলাকাবাসী লাশ নিয়ে নগরে মিছিল করে এবং পুলিশের কাছে লাশটি হস্তান্তর করে। ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।