বরিশালে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি বরিশাল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রাফসান আহম্মেদকে গতকাল শনিবার রাতে কলেজের সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রাফসানের পরিবারের সদস্যদের অভিযোগ, ছাত্রদলের অপর পক্ষের নেতা-কর্মীরা তাঁকে হত্যা করেছেন।রাফসান বরিশাল জেলা বিএনপির সভাপতি আহসান হাবিবের (কামাল) সমর্থক। হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী রাফসানের ভাই রফিকুল ইসলাম অভিযোগ করেন, ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ফিরোজ খান ও তাঁর সহযোগীরা রাত সাড়ে সাতটার দিকে রাফসানকে বরিশাল কলেজের সামনে দেখতে পান। তাঁরা রাফসানের মাথা ও শরীরে এলোপাতাড়ি কুপিয়ে চলে যান। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাফসানকে মৃত ঘোষণা করেন।ফিরোজ খান বরিশাল মহানগর বিএনপির সভাপতি ও সাংসদ মজিবর রহমান সরোয়ারের সমর্থক বলে জানা গেছে। হত্যাকাণ্ডের অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের নেতা ফিরোজ খান প্রথম আলোকে বলেন, ‘আমরা দুটি পক্ষ থাকায় যেকোনো ঘটনা ঘটলে রাফসান আমার ওপর দোষ চাপাত। এমনকি ওরা চার ভাই যদি গাড়ি দুর্ঘটনায় মারা যেত, তাহলেও আমার কথা বলবে। আমি ওই হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে ছিলাম না।’ ফিরোজ দাবি করেন, শুক্রবার রাতে নগরের কালীবাড়ী সড়কের ফেয়ার ক্লিনিকে হামলা ও ভাঙচুরের ঘটনার জের ধরে রাফসানের পক্ষেরই কেউ তাঁকে হত্যা করেছে।এ ব্যাপারে মৃত্যুর আগে গতকাল বেলা তিনটার দিকে রাফসানের সঙ্গে কথা বলেন এই প্রতিবেদক। রাফসান বলেন, ‘আমি ওই হামলা-ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত নই। আমি বিএনপির নেতা আহসান হাবিবের সমর্থক ছাত্রদলের কর্মী হওয়ায় সারোয়ারের সমর্থক ছাত্রদলের নেতা-কর্মীরা আমার ওপর ওই দায় চাপাতে চায়।’যোগাযোগ করলে কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাহিদুজ্জামান বলেন, ‘কুপিয়ে জখমের সংবাদ শুনে আমরা বরিশাল কলেজের সামনে গিয়ে দুটি বড় দা উদ্ধার করি। দেখি রক্ত পড়ে আছে। পরে মেডিকেলে গিয়ে জানতে পারি রাফসান মারা গেছে।’ তিনি বলেন, রাফসান হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।