বরিশালে ছাত্রদল নেতাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ
সরকারি বরিশাল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রাফসান আহমেঞ্চদের (জিতু) লাশ নিয়ে গতকাল রোববার বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনের একাংশের নেতা-কর্মীরা। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল তিন দিনের শোক ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। কর্মসূচির মধ্যে রয়েছে আজ সোমবার সকাল ১০টার দিকে বরিশাল নগরে বিক্ষোভ মিছিল, বুধবার মানববন্ধন এবং শুক্রবার নগরের সব কলেজে ছাত্রদলের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি। এদিকে রাফসান হত্যার ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। কাউকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ। গতকাল রাফসানের লাশের ময়নাতদন্ত শেষে বাদ আসর সরকারি বরিশাল কলেজ চত্বরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরের অশ্বিনীকুমার হল চত্বরে দ্বিতীয় জানাজা শেষে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। কোতোয়ালি থানার পুলিশ জানায়, ছাত্রদলের নেতা রাফসান আহমেঞ্চদের বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ছাড়া নানা অভিযোগে চারটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। অন্যদিকে, তাঁর প্রতিপক্ষ ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ফিরোজ খানের (কালু) বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। রাফসান ও ফিরোজের পক্ষের লোকজনের মধ্যে অনেকবার সংঘর্ষ এবং পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। রাফসান জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব ও ফিরোজ মহানগর বিএনপির সভাপতি সাংসদ মজিবর রহমানের সমর্থক। বিএনপির নেতা আহসান হাবিব প্রথম আলোর কাছে অভিযোগ করেন, মজিবরের সমর্থক সন্ত্রাসী ফিরোজ বাহিনী ছাত্রদলের নেতা রাফসানকে হত্যা করেছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে। অভিযোগ অস্বীকার করে বিএনপির নেতা সাংসদ মজিবর বলেন, ‘দলীয় কোন্দল নয়, স্থানীয় একটি ক্লিনিকে হামলার জের ধরে রাফসান খুন হয়েছে।’ কোতোয়ালি মডেল ওসি মো. শাহিদুজ্জামান বলেন, ‘বিবদমান দুই পক্ষের দ্বন্দ্বের জের ধরে রাফসান খুন হয়েছে। তবে এখনো কেউ মামলা করেনি। তারপরও প্রাথমিকভাবে যে নামগুলো এসেছে, তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।’