বরিশালে ছাত্রদলের দুই পক্ষে হাতাহাতি
বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজে গতকাল সোমবার ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুপুর ১২টার দিকে জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামালের সমর্থক ছাত্রদলকর্মী সাইফুল ইসলাম তাঁর অনুসারীদের নিয়ে ক্যাম্পাসে ঢোকেন। খবর পেয়ে মহানগর বিএনপির সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ারের সমর্থক হুমায়ুন কবিরের নেতৃত্বে ছাত্রদলকর্মীরা ক্যাম্পাসে অবস্থান নেন। একপর্যায়ে উভয় পক্ষ বাগিবতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীরা বলেন, এ সময় জাসদ ছাত্রলীগের কলেজ শাখার সাংগঠনিক ও অস্থায়ী ছাত্রকর্মপরিষদের সহপরিবহন সম্পাদক জহিরুল ইসলাম পরিস্থিতি শান্ত করতে গেলে সরোয়ার সমর্থকেরা তাঁর ওপর হামলা চালান এবং এলোপাতাড়িভাবে তাঁকে মারধর করেন। আহত জহিরুলকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে জাসদ ছাত্রলীগের কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. নূর হোসেন বলেন, ছাত্রদলের দুই পক্ষকে শান্ত করতে গিয়ে একপক্ষের হামলায় আহত হয়েছেন জহিরুল। ছাত্রদলকর্মী হুমায়ুন কবির বলেন, ‘আহসান হাবিব কামাল সম্পূর্ণ অবৈধভাবে একটি কমিটি করেছে। যাদের এই কমিটিতে রাখা হয়েছে, তারা কেউ কলেজের ছাত্র নয়। জাসদ ছাত্রলীগের জহিরুল পক্ষ নিয়ে কথা বললে উত্তেজিত কর্মীরা তাকে কামালের পক্ষের লোক মনে করে মারধর করে।’কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, ‘ছাত্রদল নামধারী সন্ত্রাসী ও বহিরাগতরা সরোয়ার ভাইয়ের কাছে নিজেদের তুলে ধরার জন্য এ ঘটনা ঘটিয়েছে।’ এদিকে এ হামলার ঘটনাকে ছাত্রদলের পরিকল্পিত বলে দাবি করছে ছাত্রলীগ। কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাহিদ সেরনিয়াবাত বলেন, বাকসু নির্বাচন দেওয়ার জন্য কলেজ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন আদালত। এই নির্বাচন যাতে না হতে পারে, সে জন্য ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছে ছাত্রদল।কলেজের অধ্যক্ষ ননী গোপাল দাস বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।