বরিশালে ছাত্রদলের বিক্ষোভ
অর্থবাণিজ্যের মাধ্যমে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের ত্যাগী ও সাধারণ কর্মীরা। কেন্দ্র ঘোষিত ওই কমিটির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে।গতকাল বুধবার দুপুর ১২টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাদের কুশপুত্তলিকা দাহ এবং বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ ছাড়া কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে বরিশাল বিভাগে অবাঞ্ছিতও ঘোষণা করেন তাঁরা। সমাবেশে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি খান মো. আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ আল আমিন পলাশ, ফেরদৌস ওয়াহিদ মাহফুজ, মিজানুর রহমান মামুন, মুসফিকুর রহমান মাসুম, সাইফুল ইসলাম শাহীন, ওলিদ হোসেন, মিজান আহম্মেদ প্রমুখ।আগামী তিন দিনের আলটিমেটাম দিয়ে সমাবেশে বক্তারা বলেন, কেন্দ্র ঘোষিত কমিটি সংশোধিত আকারে না এলে ঢাকা কেন্দ্রীয় কার্যালয় এবং খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ, অনশন কর্মসূচি পালন করা হবে। এ ব্যাপারে তাঁরা খালেদা জিয়ার হস্তক্ষেপও কামনা করেন। ১৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন তারেক স্বাক্ষরিত এক পত্রে বরিশাল জেলা ও মহানগর কমিটি ঘোষণা করা হয়।