বরিশালে ছাত্রলীগ, যুবলীগের ১০ জনের বিরুদ্ধে পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ানের বাসায় হামলার ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল রোববার দুপুরে মহানগর হাকিম আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম ওই পরোয়ানা জারি করেন।
ওই ১০ আসামি হলেন সরকারি বরিশাল কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কিসমত শাহরিয়ার, মহানগর ছাত্রলীগের কর্মী রইস আহম্মেদ ও তাঁর ভাই নাদিম মাহমুদ, কর্মী মশিউল আলম, সোহাগ, আরিফুর রহমান, বক্কর মামুন, মেহেদী হাসান, যুবলীগ নেতা কাজী জিয়াউদ্দিন ও তাঁর ছোট ভাই মো. অঞ্জন।
গত ২১ ফেব্রুয়ারি রাতে নগরের কাউনিয়া প্রথম গলিতে অসীম দেওয়ানের বাসায় ২০-২৫ জনের একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। ওই ঘটনায় অসীমের ছোট ভাই দেওয়ান আলেসীন এলিন বাদী হয়ে দ্রুত বিচার আইনে কাউনিয়া থানায় মামলা করেন। মামলায় ওই ১০ জনসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করা হয়। ১ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা ছাত্রলীগ-যুবলীগের ওই ১০ নেতা-কর্মীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন।
আদালত পুলিশের জিআরও এসআই শম্ভু কাঞ্চি লাল জানান, ওই অভিযোগপত্র গতকাল আদালতে উপস্থাপন করা হয়। অভিযোগপত্র গ্রহণ করে মহানগর হাকিম আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম ওই ১০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।