বরিশালে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৬
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশাল নগরের ভাটিখানা এলাকায় গত রোববার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। আহত ব্যক্তিরা হলেন আহমেঞ্চদ হোসেন, মো. আসিক, রাকিব হোসেন, দ্বীপ্ত, সোলায়মান ও আল-আমীন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামসুদ্দোহা ও মহানগর ছাত্রলীগের সদস্য সৈয়দ কলিন্সের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে রোববার রাত ১১টার দিকে ভাটিখানা এলাকায় আবিদ ও কলিন্সের নেতৃত্বে দুই পক্ষের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।ছাত্রলীগের নেতা সৈয়দ কলিন্স বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে সৈয়দ শামসুদ্দোহার সহযোগী সোলায়মান ও আল-আমীন ভাটিখানা এলাকায় চুরি করতে আসেন। এ সময় ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আহমেঞ্চদ হোসেন তাঁদের চড় মেরে ছেড়ে দেন। এর কিছুক্ষণ পর শামসুদ্দোহার ১০-১৫ জন সহযোগী ধারালো অস্ত্র নিয়ে হোসেনের ওপর হামলা চালান এবং কয়েকটি দোকান ভাঙচুর করেন। এ ঘটনা জানতে পেরে সেখানে গেলে তাঁরা আমাদের ওপরও হামলা চালান।’ ছাত্রলীগের নেতা শামসুদ্দোহা বলেন, ‘দলের দুই কর্মী ভাটিখানা এলাকায় ওষুধ কিনতে গেলে তাঁদের মারধর করেন সৈয়দ কলিন্স ও আহমেঞ্চদ হোসেন। বিষয়টি জানতে পেরে আমি কাউনিয়া থানায় যাই। রাত পৌনে ১১টার দিকে কলিন্স ও হাসানের নেতৃত্বে তাঁরা আমাদের বাসায় হামলা চালান। একপর্যায়ে এলাকাবাসী তাঁদের ধাওয়া করে ভাটিখানা এলাকায় নিয়ে যান।’ কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হওয়ার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় শামসুদ্দোহা একটি লিখিত অভিযোগ দিয়েছেন।