বরিশালে ছাত্রলীগের হুমকিতে জেলা পরিষদের সভা বাতিল
ছাত্রলীগের নেতা-কর্মীদের হুমকির মুখে গতকাল মঙ্গলবার বরিশাল জেলা পরিষদের সমন্বয় সভা হতে পারেনি। এতে জেলার ১৯টি খেয়াঘাটের ইজারার দায়িত্ব বুঝিয়ে দেওয়া সম্ভব হয়নি।জেলা পরিষদ সূত্র জানায়, জেলা পরিষদের অধীনে থাকা ১৯টি খেয়াঘাটের দরপত্র অনুযায়ী সর্বোচ্চ দরদাতাদের অনুকূলে ঘাট বুঝিয়ে দিতে গতকাল সমন্বয় সভা আহ্বান করা হয়। বেলা ১১টার দিকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিমের কক্ষে ওই সভা শুরুর সঙ্গে সঙ্গে ছাত্রলীগের ২০-৩০ জন নেতা-কর্মী ওই কক্ষে ঢুকে সভা বন্ধ করার হুমকি দেন। তাঁদের চাপে প্রধান নির্বাহী কর্মকর্তা সভা বাতিল করেন। পরে তিনি পুলিশের পাহারায় সভাস্থল ত্যাগ করেন।এ ব্যাপারে ওই সময় উপস্থিত বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শাখা ছাত্রলীগের সদস্য মো. পারভেজ প্রথম আলোকে বলেন, ‘সমন্বয় সভা বন্ধ করার কোনো হুমকি দিইনি। বরং বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরণ বরিশালে এলে সভা করার পরামর্শ দিয়েছি।’বরিশাল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম বলেন, ‘সবই তো বোঝেন। সভাটি করতে পারিনি। পিছিয়ে দেওয়া হয়েছে। এর বেশি আর কিছু বলতে পারছি না।’যোগাযোগ করা হলে বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন জানান, ‘ঘটনাটি শুনেছি। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমাকে ফোন করেছিল। আমি তাকে বলেছি, যারা আমার নাম ব্যবহার করে হুমকি দিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করতে এবং পুলিশে ধরিয়ে দিতে।’অন্য একটি সূত্র জানায়, জেলা পরিষদের অধীনে থাকা ১৯টি খেয়াঘাটের দরপত্র আহ্বান করলে সর্বোচ্চ দরদাতাদের কাজ না দিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা তা ভাগবাটোয়ারা করে নিতে চান। সর্বোচ্চ দরদাতা ঠিকাদারদের চাপের মুখে জেলা পরিষদ তাঁদের অনুকূলে ঘাট বুঝিয়ে দেওয়ার উদ্যোগ নেয়। কিন্তু যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ওই প্রক্রিয়ায় বাধা দেন। এরই অংশ হিসেবে গতকাল ছাত্রলীগের নেতা-কর্মীরা জেলা পরিষদ কার্যালয়ে ওই ঘটনা ঘটান।জেলা পরিষদের এক কর্মকর্তা এবং একাধিক সাধারণ ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, জেলা যুবলীগের বহিষ্কার হওয়া যুগ্ম সাধারণ সম্পাদক আবুয়াল হোসেন ওরফে অরুণ জেলা পরিষদের বিভিন্ন কাজের নিয়ন্ত্রণ করছেন। জেলার ১৯টি ঘাটের ইজারা মনমতো না হওয়ায় তিনি তাঁর সমর্থক ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের দিয়ে ইজারা বুঝিয়ে দিতে টালবাহানা করছেন।এ ব্যাপারে যুবলীগের বহিষ্কার হওয়া নেতা আবুয়াল হোসেন প্রথম আলোকে বলেন, ‘দলের মধ্যে আমার বিরুদ্ধে কিছু সদস্য আছে। তারা আমার নাম ভাঙিয়ে ওই ঘটনা ঘটিয়েছে। আমি সেখানে উপস্থিতও ছিলাম না।’জেলা পরিষদের কাজের ভাগবাটোয়ারার বিষয়ে আবুয়াল বলেন, ‘দলীয় ক্ষেত্রে কিছু কাজ করতে হয়। তবে সে ক্ষেত্রে আমি একা নই। আমার সঙ্গে যুবলীগের আরও দুই নেতা রয়েছেন।’