বরিশালে ছাত্রাবাসের দেয়াল ধসে সাত শিক্ষার্থী আহত
বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের কবি জীবনানন্দ দাশ ছাত্রাবাসের দেয়াল ধসে সাত শিক্ষার্থী আহত হয়েছেন। গত শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।আহত শিক্ষার্থীরা হলেন সুমন চন্দ্র দাস, মৃণালকান্তি বেপারী, তন্ময় হালদার, বিপ্লব চন্দ্র বিশ্বাস, মিল্টন মিস্ত্রি, সৈয়দ মো. মারুফ হোসেন ও মো. মনিরুজ্জামান।আহত শিক্ষার্থী সুমন চন্দ্র দাস বলেন, সকাল সাড়ে আটটার দিকে কবি জীবনানন্দ দাশ ছাত্রাবাসের ৬ নম্বর কক্ষ হঠাৎ কেঁপে ওঠে। এরপর মুহূর্তের মধ্যে ওই কক্ষের দেয়াল ভেঙে পার্শ্ববর্তী ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক ছাত্রাবাসের ওপর পড়ে।ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক ছাত্রাবাসের আহত শিক্ষার্থী মারুফ হোসেন বলেন, ‘ছাত্রাবাসের ১৪২ নম্বর কক্ষে বসে বই পড়ছিলাম। হঠাৎ বিকট শব্দে আমাদের কক্ষের দেয়ালের ওপর কী যেন এসে পড়ে।’অধ্যক্ষ ননী গোপাল দাস বলেন, জীবনানন্দ দাশ ছাত্রাবাসটি অনেক পুরোনো হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শিগগির সংস্কারকাজ শুরু করা হবে।কবি জীবনানন্দ দাশ ছাত্রাবাস নির্মাণের দাবিতে দীর্ঘদিন ধরে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিলেন।