বরিশালে ছাত্রী অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
বরিশালে পঞ্চম শ্রেণির ছাত্রী অপহরণ ও নির্যাতন মামলার প্রধান আসামি মো. মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চিকিৎসক না থাকায় ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়নি। তবে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে শিক্ষার্থী।
গত রোববার গভীর রাতে ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় মহসিনের এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বলেন, স্কুলশিক্ষার্থীকে অপহরণ করে আটকে রাখার দায়ে মামলার প্রধান আসামি মো. মহসিনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহসিন শিক্ষার্থীকে অপহরণ ও আটকে নির্যাতনের অভিযোগ স্বীকার করেছেন।
তিনি আরও বলেন, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসক না থাকায় গতকালও শারীরিক পরীক্ষা করা সম্ভব হয়নি। তবে ওই শিক্ষার্থী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
২ ডিসেম্বর সন্ধ্যায় স্কুলশিক্ষার্থী নগরীর সিঅ্যান্ডবি সড়কের টিটিসি এলাকার ভাড়া বাসা থেকে বের হলে পূর্বপরিচিত আসামি মো. মহসিন তাকে ফুসলিয়ে আচার খাইয়ে অচেতন করেন। এরপর বরিশাল থেকে মাদারীপুরের গ্রামের বাড়ি নিয়ে যান। সেখানে ছয় দিন একটি কক্ষে আটকে তাকে নির্যাতন করা হয়। ৯ ডিসেম্বর বরিশাল থেকে মহসিনকে খুঁজতে গিয়ে মহসিনের স্ত্রী মাদারীপুর গ্রামের বাড়ি থেকে শিক্ষার্থীকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেন। ১০ ডিসেম্বর শিশুটির পরিবারকে ৩০ হাজার টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন স্থানীয় সালিসদারেরা। তবে পুলিশের তৎপরতার কারণে তাঁদের চেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে মহসিনসহ দুজনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। মহসিন গ্রেপ্তার হলেও অপর আসামি পলাতক রয়েছেন।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আতাউর রহমান প্রথম আলোকে বলেন, অপহরণ ও নির্যাতনের শিকার স্কুলশিক্ষার্থীর মেডিকেল পরীক্ষা না হওয়া পর্যন্ত ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হবে। এরপর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।