বরিশালে ছাত্রীকে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলার মাদ্রাসাপড়ুয়া দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন এক মিশুকচালক। ধর্ষণে ব্যর্থ হয়ে মেয়েটিকে কুপিয়ে জখম করেন তিনি। এ ঘটনায় মামলার পর মিশুকচালক মো. সেলিম হাওলাদারকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ।মেয়েটির পরিবারের অভিযোগ, উপজেলার শিকারপুর-উজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. জাকির হোসেন ওরফে আবু খান তাদের মামলা প্রত্যাহার ও আসামি সেলিমের সঙ্গে মীমাংসা করতে বলেছেন। এতে রাজি না হলে তাদের মারধর ও ঘরে অগ্নিসংযোগ করে এলাকাছাড়া করার হুমকি দেন জাকির।বাদীকে মামলা প্রত্যাহার ও মীমাংসা করতে বলার বিষয়টি স্বীকার করলেও হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন ইউপি সদস্য জাকির।মেয়েটির বড় ভাই প্রথম আলোকে বলেন, গ্রামের বখাটে মিশুকচালক সেলিম গত নভেম্বরের শুরু থেকে তাঁর ছোট বোনকে উত্ত্যক্ত করে আসছেন। ১৯ নভেম্বর সেলিম ঘরের জানালা ভেঙে তাঁর বোনকে ধর্ষণের চেষ্টা করেন। ব্যর্থ হয়ে সেলিম তাঁর বোনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে তাঁর বোনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর বোনের হাত-পাসহ বিভিন্ন স্থানে ২২টি সেলাই দেওয়া হয়।এ ঘটনায় গত ২২ নভেম্বর সেলিমের বিরুদ্ধে উজিরপুর থানায় মামলা করেন মেয়েটির বাবা। ওই দিন বিকেলে সেলিমকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় উজিরপুর থানার পুলিশ।মেয়েটির ভাই বলেন, ‘সেলিমকে গ্রেপ্তারের পর ইউপি সদস্য জাকির মামলা তুলে মীমাংসা করার চাপ দেন। কিন্তু আমরা রাজি হইনি। ১৮ ডিসেম্বর জাকির আমাদের বাড়িতে এসে আমার বাবা ও বোনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। মামলা তুলে মীমাংসা না করলে বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। ভয়ে আমরা বাড়ি থেকে বের হতে পারছি না।’মামলার বাদী ও মেয়েটির বাবা প্রথম আলোকে বলেন, ‘মেম্বার হুমকি দিয়া কইছে, বাড়ি-ঘর জ্বালাইয়া দেবে। এলাকার জনগণ লইয়া বাড়ি থেকে পিডাইয়া নামাইয়া দেবে। হেই ভয়ে বাড়ি থেকে বাইর হই না।’মেয়েটিকে ধর্ষণচেষ্টা ও কুপিয়ে জখম করার মামলাটি দেখভাল করছেন তাঁর চাচাতো ভাই মো. আল আমীন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বখাটে সেলিম হাওলাদার ইউপি সদস্য জাকিরের নির্বাচনে কাজ করায় তিনি তাঁকে বাঁচাতে মাঠে নেমেছেন। আমি বরিশালে ওই মামলা দেখাশোনা করায় জাকির আমার হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন।’এ ব্যাপারে ইউপি সদস্য জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি বাদীপক্ষকে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার প্রস্তাব দিয়েছি। এ জন্য সেলিমকে ৫০ হাজার বা এক লাখ টাকা আর্থিক দণ্ড দেওয়ার কথা বলেছিলাম। কিন্তু তারা রাজি হয়নি।’ যোগাযোগ করা হলে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘ধর্ষণের চেষ্টা ও কুপিয়ে জখম করার ঘটনায় করা মামলার একমাত্র আসামি সেলিমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছি। বাদীকে হুমকি দেওয়ার কোনো অভিযোগ আমরা পাইনি। এ রকম অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেব।’