বরিশালে ছাত্রীহত্যার প্রতিবাদে মানববন্ধন লাশ দাফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্রী সাওদার লাশ গতকাল শনিবার দাফন করা হয়েছে। এদিকে, সাওদা হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীর শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
গতকাল সকাল সাড়ে নয়টার ক্যাম্পাসে পৌঁছায় সাওদার লাশ। সকাল ১০টায় ক্যাম্পাসে জানাজা শেষে বরগুনার গ্রামের বাড়িতে লাশ পাঠিয়ে দেওয়া হয়। পরে সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
এদিকে, বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী সাওদা হত্যার বিচারের দাবিতে বরিশাল নগরের সদর রোড এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং হত্যাকারীকে গ্রেপ্তারের দাবি জানান।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, সাওদা হত্যার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. রাসেল মাতুব্বরকে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
গত বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে সাওদাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বেলা একটায় এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়। ওই দিন বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।