বরিশালে ছিনতাই হওয়া টাকা গোপালগঞ্জে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের কয়েকটি উপজেলা থেকে অর্থ স্থানান্তরকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর একাধিক এজেন্টর কাছ থেকে ছিনতাই হওয়া টাকা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার অভিযান শেষে ছিনতাই হওয়া ২৪ লাখ ৬৬ হাজার ৪০০ টাকা এবং একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করে পুলিশ।

বরিশাল জেলা পুলিশ জানায়, গত ২৭ এপ্রিল বিকেলে উজিরপুর উপজেলার বামরাইলের মোড়াকাঠি এলাকা থেকে অস্ত্র ঠেকিয়ে বিকাশের এজেন্টের এক কর্মীর কাছ থেকে ১২ লাখ ১ হাজার টাকা ছিনিয়ে নেয় একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। ওই রাতে চার সদস্যের ছিনতাইকারী দলটি মোটরসাইকেলে আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট বাসস্ট্যান্ড থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাদের ঘিরে ফেলে। এ সময় গুলি করে ৩ ছিনতাইকারী পালিয়ে গেলেও জনতার হাতে আটক হন শাহ আলম মণ্ডল (৩৫) নামের এক ছিনতাইকারী। তাঁর কাছ থেকে একটি পিস্তল ও চারটি গুলি উদ্ধার হয়। এ ঘটনায় উজিরপুর ও আগৈলঝাড়া থানায় টাকা ছিনতাই, গুলিবর্ষণ এবং অস্ত্র রাখার অভিযোগে পৃথক মামলা করা হয়। ওই মামলায় রিমান্ডে নেওয়া হয়েছিল ছিনতাইকারী শাহ আলম মণ্ডলকে। তিনি ছিনতাইয়ের কথা স্বীকার করেন।
এই চক্রটি বরিশালের কয়েকটি স্থান থেকে গত কয়েক দিনে আরও ১২ লাখ ৬৫ হাজার ৪০০ টাকা ছিনতাই করে বলে পুলিশ জানায়।
টাকা উদ্ধারের অভিযানে নেতৃত্ব দেওয়া বরিশাল জেলার সহকারি পুলিশ সুপার (সদর) সুদীপ্ত সরকার প্রথম আলোকে বলেন, ‘গ্রেপ্তার হওয়া ছিনতাইকারী শাহ আলম মণ্ডলের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী আজ শনিবার সকালে গোপালগঞ্জের কাশিয়ানী এলাকায় অভিযান চালানো হয়। অভিযান শেষে সেখান থেকে ছিনতাই হওয়া ২৪ লাখ ৬৬ হাজার ৪০০ টাকা এবং একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় শাহ আলম মণ্ডল পুলিশের সঙ্গে ছিল।’