বরিশালে জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন
জঙ্গিবাদ বাংলাদেশের অন্যতম সমস্যা। বিশ্ব দরবারে বাংলাদেশকে হেয়প্রতিপন্ন করার জন্যই জঙ্গি অপতৎপরতা শুরু হয়েছে। এর বিরুদ্ধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরও ঐক্যবদ্ধ হতে হবে।
গতকাল শুক্রবার বেলা ১১টায় বরিশাল শহরের অশ্বিনীকুমার হলের সামনের সড়কে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন কর্মসূচিতে এ অঙ্গীকার করেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কল্যাণ পরিষদের নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকদের পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও ভালো কাজের সঙ্গে রাখার উদ্যোগও নিতে হবে। শিশুদের যে শিক্ষা দেওয়া হবে বড় হয়ে তারা সেটাই লালন করবে। তাই শিশুর মনের ওপর যাতে নেতিবাচক কোনো বিষয় প্রভাব ফেলতে না পারে, সেদিকে লক্ষ রাখতে হবে। একই সঙ্গে অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সম্পর্ক উন্নয়ন করতে
হবে। তখন আর তারা বাংলাদেশে কোনো ধ্বংসাত্মক কাজ হতে পারবে না।
কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন সাংসদ তালুকদার মো. ইউনুস। কল্যাণ পরিষদের বরিশাল জেলার সভাপতি মো. জসিমউদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নাছিরউদ্দিন মোল্লা, সদস্য সাধন বাড়ৈ, কমিটির উপদেষ্টা মো. আরমান হোসেন, বরিশালের জ্যেষ্ঠ সহসভাপতি মো. কামাল কাজী, ঝালকাঠি জেলার সভাপতি খলিলুর রহমান, পিরোজপুরের সভাপতি মো. মনির হোসেন, উজিরপুরের সভাপতি মো. রবিউল ইসলাম প্রমুখ।