বরিশালে জমে উঠেছে বইমেলা
বরিশাল জিলা স্কুল মাঠে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত ১২ দিনব্যাপী বইমেলা জমে উঠেছে। ৩ এপ্রিল থেকে শুরু হয়ে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত বইপ্রেমীদের পদচারণে মুখর থাকে মেলা প্রাঙ্গণ; পাশাপাশি চলে বিতর্ক, আবৃত্তি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা একাডেমির বাইরে সবচেয়ে বড় বরিশাল বিভাগীয় এ বইমেলায় প্রতিদিন ঢাকা থেকে লেখক, কবি ও বরেণ্য ব্যক্তিরা আসছেন।
৩ এপ্রিল মেলার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ৪ এপ্রিল এসেছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান। এসেছিলেন কবি, লেখক ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। এ ছাড়া পশ্চিমবঙ্গের কবি অমৃত মাইতি, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক অসীম সাহা, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক আসলাম সানি, ছড়াকার ফেরদৌসী কুইনসহ অনেকে।
বিভাগীয় কমিশনার ও মেলার আহ্বায়ক মো. গাউস জানান, ঢাকার বাইরে সবচেয়ে বড় আয়োজন এই বইমেলা। বইমেলার সঙ্গে পাঠকদের পরিচিত করার জন্য বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিতার্কিক দল আনা হচ্ছে; একই সঙ্গে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা প্রশাসক মো. শহীদুল আলম বলেন, ‘জীবনানন্দ দাশের শহর বরিশালে বইমেলার আয়োজন অত্যন্ত আনন্দের। আমাদের শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি মেধা বিকাশে অন্যান্য বই, বিশেষ করে গল্প, কবিতা, উপন্যাস, ভ্রমণকাহিনি ও বিজ্ঞানের কল্পকাহিনি পড়তে অভ্যস্ত করতে হবে।’
মেলায় ঢাকার বড় বড় প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। বাংলা একাডেমি, তাম্রলিপি, অয়ন প্রকাশনী, আগামী প্রকাশনী, সময় প্রকাশনী, বিদ্যা প্রকাশনী, কালিকলম প্রকাশনী, অনিন্দ্য প্রকাশনী, মাওলা ব্রাদার্স, ভাষাচিত্র প্রকাশনী, কাকলীসহ ৬৩টি প্রকাশনী সংস্থা মেলায় অংশ নেয়।