বরিশালে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে গতকাল শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ । প্রথম আলো
বরিশালের আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে গতকাল শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ । প্রথম আলো

সারা দেশের সেরা খেলোয়াড়দের নিয়ে বরিশালে শুরু হয়েছে জাতীয় স্কুল ও মাদ্রাসার ৪৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জমজমাট আসর। গতকাল শনিবার সকাল ১০টায় বরিশাল নগরের আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই শুরু হয় ক্রীড়াবিদদের শারীরিক নৈপুণ্য প্রদর্শন। বাংলাদেশকে পৃথিবীর কাছে পরিচয় করিয়ে দিতে বরিশালের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশন করে দৃষ্টিনন্দন শারীরিক কসরত (ডিসপ্লে)।
জেলা ও বিভাগীয় পর্যায়ে বাছাই হওয়া ও বিজয়ী ক্রীড়াবিদদের নিয়ে ওই আসর চলবে আগামী বুধবার পর্যন্ত। এতে ৪৪৮ জন ছাত্র ও ২২৪ জন ছাত্রী অংশ নিচ্ছে। এর মধ্যে অ্যাথলেটিকসের ৩৫টি ইভেন্টে ৩১২ জন, হকিতে ৬৪ জন, ক্রিকেটে ১১২ জন, বাস্কেটবলে ৪০ জন, ভলিবলে ৯৬ জন, ব্যাডমিন্টনে ২৪ জন, টেবিল-টেনিসে ২৪ জন ছাত্রছাত্রী অংশ নেবে।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন প্রজন্মকে শুধু পাঠ্যবই ও শ্রেণীকক্ষে আবদ্ধ রাখলে চলবে না। শিক্ষার্থীদের গুণগত পরিবর্তন চাই। তাই শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক, সাহিত্যচর্চা, খেলাধুলা ও শারীরিক শিক্ষায় বিকশিত করে বিশ্বমানের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’
প্রতিযোগিতার সভাপতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল-৫ (সদর) আসনের সাংসদ শওকত হোসেন হিরণ ও বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের তালুকদার মো. ইউনুস, শিক্ষাসচিব কামাল আবদুল নাছের চৌধুরী, বিভাগীয় কমিশনার মো. নুরুল আমীন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. আতাউর রহমান, আন্তবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম, ক্রীড়া প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির সভাপতি বরিশাল বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার, জেলা প্রশাসক মো. শহীদুল আলম, উপপরিচালক ফারহানা হক ছাড়াও মাদ্রাসা ও সাধারণ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ অন্য কর্মকর্তারা।