বরিশালে জাতীয় পার্টির সভায় দলের একাংশের ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে জাতীয় পার্টির আলোচনা সভায় দলটির একাংশের নেতা-কর্মীরা ভাঙচুর চালিয়েছেন। দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদারের উপস্থিতিতে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বরিশাল সার্কিট হাউসের সভাকক্ষে এ ঘটনা ঘটে। মহাসচিবের দাবি, গণমুখী বাজেটের বিরোধী রাজনৈতিক শক্তির ইন্ধনে দলের কর্মীরা এই হামলা চালিয়েছেন। দলের অপর পক্ষ বলছে, এ ভাঙচুর দলীয় কর্মীদের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা জাতীয় পার্টির উদ্যোগে সার্কিট হাউস সভাকক্ষে গতকাল বেলা ১১টায় বাজেট-পরবর্তী আলোচনা সভা শুরু হয়। মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বক্তব্য শেষ করার সঙ্গে সঙ্গে জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক মুর্তজা আবেদীন ও জেলা সম্পাদক গিয়াসউদ্দিন আহম্মেদের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মুর্তজার নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী সভায় হামলায় চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর করেন। ভাঙচুরকারীরা রুহুল আমিনকে মহাজোট সরকারের দালাল আখ্যায়িত করে বিভিন্ন গালাগাল করেন। হামলায় জেলা সম্পাদক গিয়াসউদ্দিন আহম্মেদ আহত হন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। জেলা জাতীয় পার্টির সম্পাদক গিয়াসউদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, জেলা জাতীয় পার্টির যুববিষয়ক সম্পাদক মঞ্জুরুল আলম খোকন কেন অনুষ্ঠান পরিচালনা করছেন—এ নিয়ে তর্ক শুরু করেন মুর্তজা আবেদীন। একপর্যায়ে তাঁরা চেয়ার-টেবিল ভাঙচুর করেন। জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক মুর্তজা আবেদীন প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন দলের কমিটি গঠন না করায় কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এতে ক্ষুব্ধ নেতা-কর্মীরা ওই ঘটনা ঘটিয়েছেন। তিনি অভিযোগ করেন, দক্ষিণাঞ্চলে জাতীয় পার্টিতে ভাঙনের জন্য মহাসচিব রুহুল আমিন হাওলাদার দায়ী। তিনি (রুহুল আমিন) কমিটি না করে দলের মধ্যে দুটি পক্ষ সৃষ্টি করেছেন। এ কারণে আমাদের অনেক কর্মী অন্য দলে চলে গেছেন। বেলা দুইটায় বরিশাল সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে রুহুল আমিন হাওলাদার বলেন, যাঁরা গণমুখী এই বাজেটকে মেনে নিতে পারেননি, তাঁদের উসকানিতেই অতর্কিতে এই হামলা চালানো হয়েছে। রুহুল আমিন আরও বলেন, এটা দলীয় কোন্দল নয়, হামলাকারীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদকে ঘটনা জানানো হয়েছে।