বরিশালে জাপা নেতাকে বর্জন করার সিদ্ধান্ত
বরিশাল জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি মহসিন-উল-ইসলামকে (হাবুল) সব সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে বরিশালের ২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ। রোববার দুপুরে এক জরুরি প্রতিনিধি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মহসিন-উল-ইসলামের অশোভন আচরণের তীব্র নিন্দা জানিয়েছে বরিশাল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ কয়েকটি সংগঠন। বরিশাল প্রেসক্লাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমন্বয় পরিষদের সিদ্ধান্তের প্রতি একাত্মতা প্রকাশ করেছে।জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হওলাদার এ ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, বিষয়টি ওই নেতার ও দলের জন্য ভালো হয়নি। এ ধরণের ঘটনায় তিনি লজ্জিত।বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ দুলাল জানান, একুশে ফেব্রুয়ারি বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে জাপা নেতা মহসিন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সম্পর্কে কটূক্তি করেন। এর জের ধরে ২৫ ফেব্রুয়ারি একটি বিয়ের অনুষ্ঠানে সমন্বয় পরিষদের নেতাদের গালাগাল ও সাবেক সম্পাদক সাইফুর রহমানকে লাঞ্ছিত করেন।এ বিষয়ে রোববার রাতে বরিশাল কোতোয়ালি মডেল থানায় দুটি সাধারণ ডায়েরি করা হয়।এ বিষয়ে মহসিন-উল-ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, একুশের অনুষ্ঠান পরিচালনা করছিল সমন্বয় পরিষদ। কিন্তু সেখানে আয়োজকেরা ইচ্ছেমতো শ্রদ্ধা জানাতে আসা সংগঠনগুলোর নাম ঘোষণা করছিলেন। সেখানে ঘোষক সাইফুর রহমানকে তাঁদের দলের নাম বলতে অনুরোধ করা হলেও তিনি তা করেননি। ২৫ ফেব্রুয়ারি একটি বিয়ের অনুষ্ঠানে সাইফুর রহমানকে একুশের অনুষ্ঠান নিয়ে জিজ্ঞাসা করেন। পরে তিনি কয়েকজনকে নিয়ে তাঁকে লাঞ্ছিত করার চেষ্টা করেন। তিনি কাউকে লাঞ্ছিত করেননি।