বরিশালে জামায়াতের সঙ্গে ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া
বরিশাল নগরে গতকাল সোমবার ছাত্রলীগের সঙ্গে জামায়াত-শিবির ও ছাত্রদলের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করায় পরিস্থিতি স্বাভাবিক হয়।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ১৮ দলীয় জোটের একটি কর্মসূচিতে যোগ দিতে জামায়াত-শিবিরের একটি মিছিল দুপুরের দিকে অশ্বিনী কুমার হলের সামনে থেকে যাচ্ছিল। এ সময় মহানগর ছাত্রলীগের কর্মীরা মিছিলকারীদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে মিছিলকারীরা জেলা বিএনপি কার্যালয়ের দিকে চলে যায়। পরে সেখানে অবস্থান নেওয়া ছাত্রদলের কর্মীরা জামায়াত-শিবিরের সঙ্গে একাট্টা হয়ে ছাত্রলীগকে পাল্টা ধাওয়া করে। এ সময় উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে বেশ কয়েকবার পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজ উদ্দিন আহমেঞ্চদ অভিযোগ করেন, ছাত্রলীগ নেতা জসিমউদ্দিন ও অসীম দেওয়ায়ানের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা বিনা উসকানিতে ১৮ দলের কর্মসূচিতে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। পরে তাঁরা জেলা কার্যালয়েও হামলা চালাতে উদ্যত হলে তাঁদের প্রতিরোধ করা হয়।অভিযোগ অস্বীকার করে মহানগর ছাত্রলীগের সভাপতি মো. জসিমউদ্দিন বলেন, জামায়াত-শিবিরের মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কটূক্তি করা হয়। এ সময় তাঁরা এর প্রতিবাদ করলে জামায়াত-শিবির ও ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের ওপর চড়াও হন।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুজ্জামান বলেন, গতকাল বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। সেখানে জামায়াত-শিবিরের সঙ্গে ছাত্রলীগের দ্বন্দ্ব হয়। পরে জামায়াত-শিবিরের সঙ্গে ছাত্রদল যোগ দেওয়ায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়।