বরিশালের বানারীপাড়া উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাংগঠনিক সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির (৪০) গত শুক্রবার খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই দিন রাতেই সলিয়া বাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস ছালাম এবং মো. জসিমউদ্দিন নামের দুজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় গতকাল শনিবার নিহত ব্যক্তির ভাই তরিকুল ইসলাম বাদী হয়ে সলিয়া বাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস ছালাম, চাখার ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মজিবুল হক, সলিয়া বাকপুর ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হকসহ ১৩ জনের নাম উল্লেখ করে মোট ২০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য উপজেলার মাদারকাঠি গ্রাম থেকে চাখারে যাচ্ছিলেন হুমায়ুন কবির। তাঁর ওপর হামলা হতে পারে—এমন সংবাদ পেয়ে তিনি চাখারে না গিয়ে বাড়ি ফিরে আসছিলেন। ফেরার পথে সলিয়া বাকপুর ইউনিয়নের চৌকিদার বাড়ির কাছে আবদুস ছালামের নেতৃত্বে তাঁর ভাই মো. কালাম, ছেলে ছাত্রলীগের সাবেক নেতা মো. ফিরোজ, ভাতিজা মো. রঞ্জুসহ বেশ কয়েকজন হুমায়ুন কবিরের ওপর আচমকা হামলা চালান। তাঁরা হুমায়ুনকে পেটাতে পেটাতে চাখার বাসস্যান্ড এলাকায় নিয়ে একটি পরিত্যক্ত ঘরে আটকে রেখে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন, হাত ও পায়ের রগ কেটে দেন এবং হাতুড়িপেটা করে মাথা ও শরীর থেঁতলে দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে আশঙ্কাজনক অবস্থায় হুমায়ুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে পরে তাঁকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মারা যান। মামলার বাদী তরিকুল ইসলাম জানান, হুমায়ুন তাঁর ওপর হামলার সঙ্গে আবদুস ছালাম, সৈয়দ মজিবুল হক, কালাম, ফিরোজ, রঞ্জু জড়িত বলে জানিয়েছেন। তাই তাঁদের নাম উল্লেখসহ মোট ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বানারীপাড়া থানার ওসি গোলাম সারোয়ার বলেন, ‘জাসদের নেতা হুমায়ুন কবিরকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো এবং হাতুড়িপেটা করা হয়েছে। আমরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। এটা একটা পরিকল্পিত হত্যা। মৃত্যুর আগে হুমায়ুন যাঁদের নাম বলে গেছেন, তাঁদের আসামি করে তাঁর ভাই মামলা করেছেন। আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’